Article By – সুনন্দা সেন

কেন্দ্রীয় সরকার আসন্ন ইউনিয়ন বাজেটে আগামী অর্থবছর (২০২৬-২৭ অর্থবছর)-এর জন্য ডেট – GDP অনুপাতের লক্ষ্য ৫৪.৫% থেকে ৫৫%-এর মধ্যে নির্ধারণ করতে পারে। এটি বর্তমান আর্থিক বছরের তুলনায় একটি গুরুত্বপূর্ণ আর্থিক সংযম (Financial Restraint)-এর বার্তা হিসাবে দেখা হচ্ছে। চলতি অর্থবছরের জন্য কেন্দ্রের ডেট – GDP অনুপাতের লক্ষ্য ছিল প্রায় ৫৬.১%। অর্থাৎ নতুন লক্ষ্য কার্যত ঋণের (Debt) বোঝা ধীরে ধীরে কমানোর পরিকল্পনাকেই জোরদার করছে। অর্থনৈতিক নির্ধারকদের মতে, সাম্প্রতিক বছরগুলিতে সরকার আর্থিক ঘাটতির পরিবর্তে ডেট- GDP অনুপাতকে মূল আর্থিক বা ‘ফাইন্যান্স অ্যাঙ্কর’ হিসেবে গ্রহণ করেছে।
আর কেবল দেশীয় নয় এই দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক রেটিং সংস্থা ও বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলির কাছেও ইতিবাচক বলে মনে করা হচ্ছে। আর সরকারের মধ্যমেয়াদি রোডম্যাপ অনুযায়ী, ভারতীয় কেন্দ্র সরকারের লক্ষ্য ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে ডেট-GDP অনুপাতকে প্রায় ৫০%-এর আশেপাশে নামিয়ে আনা। ২০২৬-২৭ অর্থবছরের জন্য নির্ধারিত ৫৪.৫%-৫৫%-এর লক্ষ্যমাত্রা এই দীর্ঘমেয়াদি পরিকল্পনারই একটি ধাপ। সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রেখে রাজস্ৱ ঘাটতি নিয়ন্ত্রণে রাখাই এই কৌশলের মূল উদ্দেশ্য।
বিশেষজ্ঞরা বলছেন, ডেট – GDP অনুপাত কমলে সরকারের সুদের খরচ কমবে, ফলে পরিকাঠামো, সামাজিক কল্যাণ ও উন্নয়নমূলক প্রকল্পে ব্যয় করার জন্য আরও বেশি জায়গা তৈরি হবে। একই সঙ্গে বৈশ্বিক অস্থিরতা বা অর্থনৈতিক ধাক্কা এলে সরকারের হাতে মোকাবিলার জন্য বাড়তি আর্থিক সুযোগ থাকবে। অর্থাৎ সম্পূর্ন বিষয় বিবেচনা করে বলা যায় যে ২০২৬-২৭ অর্থবছরের জন্য সম্ভাব্য ৫৪.৫% থেকে ৫৫% ডেট-GDP- এর লক্ষ্যমাত্রা শুধু একটি সংখ্যা নয়, বরং ভারতের আর্থিক শৃঙ্খলা ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতার পথে এগিয়ে যাওয়ার স্পষ্ট বার্তা দিচ্ছে। এর আর একটি অর্থ হলো, ভবিষ্যতে বাজেটে শুধুমাত্র বার্ষিক আর্থিক ঘাটতির সংখ্যা নয়, বরং দীর্ঘমেয়াদে সরকারের মোট ঋণ কতটা টেকসই থাকে সেটাও গুরুত্ব পাবে।




