Article By – আস্তিক ঘোষ

দূরপাল্লার ট্রেনে ভ্রমণ হবে এবার আরও সুখকর। প্রিমিয়াম আল্ট্রা-সফট লিনেন সংগ্রহ শুরু করেছে ভারতীয় রেলওয়ে। নতুন রঙের কম্বল এবং বিছানার চাদর পাবেন যাত্রীরা। এই সুবিধা প্রথম চালু করা হয়েছে রাঁচি রাজধানী এক্সপ্রেসে। প্রয়োজনীয় গবেষণা করে এবং ব্যুরোর সঙ্গে পরামর্শ করে ডিজাইন করা হয়েছে লিনেনগুলি। যাত্রীদের জন্য দুর্দান্ত ভ্রমণের অভিজ্ঞতা প্রদানের জন্য বিশ্ব-বিখ্যাত ব্র্যান্ডগুলি থেকে লিনেন সংগ্রহ করছে ভারতীয় রেল। এমনটাই জানা গিয়েছে রেল সূত্রে।
এক্স হ্যান্ডেলে লিনেনের কম্বল এবং বিছানার চাদরগুলির ছবি পোস্ট করেছে উত্তর রেলওয়ে। উত্তর রেলওয়ে জানিয়েছে, বুধবার রাঁচি রাজধানী এক্সপ্রেস ট্রেনে নতুন এবং উন্নত লিনেনের তৈরি চাদর এবং কম্বলের পরিষেবা চালু করা হয়। আগামী 17 আগস্ট থেকে বিলাসপুর রাজধানীতেও এই পরিষেবা চালু করা হবে। আপাতত পরীক্ষামূলক ভিত্তিতে পরিষেবা দেওয়া হচ্ছে যাত্রীদের। যাত্রীদের থেকে প্রতিক্রিয়ার ভিত্তিতে এরপর ভারতীয় রেলওয়ের এই উদ্যোগ আরও বিপুলভাবে নেওয়া হবে।
সম্প্রতি একটি বিবৃতিতে উত্তর রেলওয়ে জানিয়েছে, বিশ্ব-বিখ্যাত ব্র্যান্ডগুলি থেকে সংগ্রহ করা হয়েছে এই লিনেন। যাত্রীদের অতুলনীয় স্বাচ্ছন্দ্য এবং গুণমানের সঙ্গে ভ্রমণের অভিজ্ঞতা বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে। এই কাপড়ের তৈরি চাদর এবং কম্বলে যাত্রীরা হোটেলের মতো আরাম পাবেন। নতুন লিনেন ত্বকের জন্য ভীষণই ভালো। ১০০ শতাংশ কম্বড কটনের মতো বৈশিষ্ট্য থাকছে এতে। বেডশীট এবং বালিশের কভারের লিনেনে রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির ফাইবার। এছাড়াও প্রতিটি জিনিস হবে সুগন্ধে ভরপুর। তবে ভারতীয় রেলের এই পদক্ষেপ যে নিঃসন্দেহে যুগান্তকারী হতে চলেছে তা বলাই বাহুল্য।





