buzywithinfoBuzy With Info
Everything About Business
NPS Vastlya

NPS বাৎসল্য অ্যাকাউন্ট খুলতে চান? আগে জেনে নিন কীভাবে বিনিয়োগ করবেন? সন্তানের ভবিষ্যতের জন্য কতটা দরকারি এই প্রকল্প? জানুন NPS বাৎসল্য সম্পর্কে খুঁটিনাটি

অবসরকালীন প্রকল্প হিসাবে NPS-এর নাম বেশ জনপ্রিয়। তবে NPS অ্যাকাউন্ট খুলতে হলে ন্যূনতম একজন ব্যক্তির ১৮ বছর হতেই হবে। কিন্তু এবছরের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন NPS-এর একটি নতুন ভাগ NPS বাৎসল্য-এর ঘোষণা করেছিলেন যাতে পিতামাতা তাঁদের সন্তানদের জন্য অ্যাকাউন্ট খোলার সুযোগ পাবেন। গত ১৮ সেপ্টেম্বর থেকে NPS বাৎসল্য প্রকল্পটি চালু হয়। NPS বাৎসল্য সাধারণ NPS-এর মতোই দীর্ঘমেয়াদে সবরকম রিটার্নের সুযোগ তৈরি করবে কমবয়সি শিশুদের জন্য। আজকের প্রতিবেদনে আমরা জানব NPS বাৎসল্যের ব্যাপারে— এটি কী ধরনের প্রকল্প, কারা বিনিয়োগ করবে, অ্যাকাউন্ট খোলার পদ্ধতি কী, কী কী নথি প্রয়োজন, এবং সন্তানের ভবিষ্যতের জন্য কতটা জরুরি প্রকল্প এটি। 

NPS বাৎসল্য কী?

এই প্রকল্পের মাধ্যমে পিতামাতা বা অভিভাবক সন্তানের ১৮ বছর বয়স হওয়ার আগে পর্যন্ত তার নামে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই প্রকল্পের উদ্দেশ্যই হল দীর্ঘমেয়াদে সন্তানের জন্য ভালো সম্পদ তৈরি করা। সাধারণ NPS-এর মতো এটির নিয়ন্ত্রক সংস্থাও PFRDA।

কারা অ্যাকাউন্ট খুলতে পারবেন?

১৮ বছরের কম বয়সি সকলেই NPS বাৎসল্য অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে যেহেতু ১৮ বছরের কম বয়সি নাবালক বা নাবালিকার নামে খোলা হবে তাই পিতামাতা নাবালক / নাবালিকা সন্তানের হয়ে অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্টের দেখাশোনা করবেন। 

9

অ্যাকাউন্ট খোলার পদ্ধতি কী?

পিতামাতা কিংবা অভিভাবক নাবালক অথবা নাবালিকা সন্তানের নামে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং নিজেদের কন্ট্রিবিউশন বড় কোনো অনুমোদিত ব্যাংক, পোস্ট অফিস, পেনশন ফান্ডের অফিস কিংবা  eNPS Portal-এ জমা করতে পারেন। 

বিনিয়োগ শুরু করতে কী কী নথি প্রয়োজন?

  • পিতামাতার KYC প্রয়োজন। যেমন আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড ইত্যাদি।
  • পিতামাতা বা অভিভাবকের PAN Card।
  • সন্তানের জন্মের প্রমাণপত্র—– যেমন, জন্মের শংসাপত্র, PAN ইত্যাদি।
  • যদি পিতামাতা বা অভিভাবক NRI হন, সেক্ষেত্রে সন্তানের NRE/NRO অ্যাকাউন্ট প্রয়োজন হবে।

NPS বাৎসল্যের কিছু বৈশিষ্ট্য:

→ সন্তানের নামে বছরে কম করে ১০০০ টাকা জমা করতেই হবে NPS বাৎসল্য অ্যাকাউন্টে।

→ সর্বাধিক কন্ট্রিবিউশনের কোনো সীমা নেই।

→ একবার সন্তানের বয়স ১৮ বছর হয়ে গেলে সাধারণ NPS অ্যাকাউন্টে পরিবর্তিত হয়ে যাবে অ্যাকাউন্টটি।

→ এবার অ্যাকাউন্টটি সাধারণ NPS অ্যাকাউন্টে রূপান্তর হওয়ার পর পিতামাতা বা অভিভাবক নিজেদের পছন্দ অনুযায়ী ফান্ড ম্যানেজার নির্বাচন করতে পারেন। এছাড়াও active না auto choice বাছবেন, তাতেও কোনো বাধা নেয়। নিজের পছন্দ অনুযায়ী যে-কোনো একটি বেছে নিতে পারেন। তবে ইক্যুইটিতে সর্বাধিক exposure 75% পর্যন্ত করা যাবে যেহেতু এটি একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ।

এই স্কিমের সুবিধা:

যেহেতু এটি একটি দীর্ঘমেয়াদের প্রকল্প তাই দীর্ঘসময় ধরে কম্পাউন্ডিং-এর সুযোগ পাওয়া যাবে। ফলে যদি বিনিয়োগের অঙ্ক কমও হয় তবুও সন্তান সাবালক হওয়ার পর ইনভেস্টমেন্ট বেড়ে টাকার অঙ্ক বিশাল হয়ে দাঁড়াবে।

NPS বাৎসল্য ছোটো থেকেই শিশুদের মধ্যে সঞ্চয় সম্পর্কে নিয়মানুবর্তিতা তৈরি করে। তবে শুধু সন্তানের মধ্যে নয়, এই নিয়মানুবর্তিতা পিতামাতার মধ্যেও ধীরে ধীরে তৈরি হয়।

এছাড়াও NPS ২০০৯-এ যাত্রা শুরুর পর থেকেই উল্লেখযোগ্য রিটার্ন দিয়ে আসছে। 

সরকারি ক্ষেত্রের বিনিয়োগকারীদের জন্য 9.5% CAGR রিটার্ন, all citizens model এবং corporate model অর্থাৎ স্বেচ্ছায় বেসরকারি বিনিয়োগকারীদের ইক্যুইটি ফান্ডের রিটার্ন শুরুর সময় থেকে এখন পর্যন্ত 14% এবং কর্পোরেট ডেটের রিটার্ন 9.1% ও সরকারি সিকিউরিটি থেকে রিটার্ন মিলেছে 8.8%।

সন্তানের ভবিষ্যতের জন্য কতটা কার্যকর NPS বাৎসল্য?

আমরা জানলাম পিতামাতা বা অভিভাবকেরা নিজেদের নাবালক সন্তান / সন্ততির জন্য NPS বাৎসল্য অ্যাকাউন্ট খুলতে পারেন এবং সন্তানের বয়স ১৮ বছর হওয়ার পর সেটি সাধারণ NPS অ্যাকাউন্টে পরিণত হবে যেখানে কম করে ৬০ বছর অবধি বিনিয়োগ চালিয়ে যেতে হবে এবং অ্যাকাউন্ট খোলার ৩ বছর পর থেকে সম্পূর্ণ মেয়াদ পর্যন্ত মাত্র ৩ বার টাকা তোলার সুযোগ থাকবে। তাছাড়াও সাবস্ক্রাইবাররা তাঁদের মোট কন্ট্রিবিউশনের থেকে সর্বাধিক 25% টাকাই তোলার সুযোগ পাবেন ৬০ বছর পূর্ণ হওয়ার আগে অবধি। অর্থাৎ সন্তানের উচ্চশিক্ষা, বিবাহ, জরুরি অসুস্থতার চিকিৎসা, বাড়ি কেনা ইত্যাদি বড় খরচের জন্য পর্যাপ্ত অর্থ তোলার সুযোগ নেই এই প্রকল্পে। কারণ ৬০ বছর অবধি ফান্ডটি চালিয়ে যেতে হবে। সেই কারণে পিতামাতা অথবা অভিভাবকেরা NPS বাৎসল্যের আংশিক টাকা তোলার নিয়ম, মেয়াদের আগে টাকা তোলার নিয়ম ইত্যাদি সম্পর্কে আগে থেকে অবশ্যই বিবেচনা করবেন। যেহেতু সন্তানের সবচেয়ে বেশি প্রয়োজনে যখন অর্থের চাহিদা দেখা দেবে সেইসময়ই তাঁর নিজের টাকা থেকে, সীমিত টাকাই তোলার সুযোগ থাকবে। অর্থাৎ এটিকে সন্তানের জন্য অবসর প্রকল্প বললে ভুল হবে না। কিন্তু যেখানে অনেক পিতামাতা নিজেদের অবসরের পরিকল্পনা সঠিকভাবে করে ওঠেননি সেখানে সন্তানের জন্য অবসরের পরিকল্পনা করা কতটা যুক্তিযুক্ত সেটি ভাবার বিষয়। বরং সন্তানের উচ্চশিক্ষা, বিবাহ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য আরও বেশ অনেকগুলি বিনিয়োগ বিকল্প আছে যেগুলি পিতামাতারা বিবেচনা করতে পারেন। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading