Article By – সুনন্দা সেন

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন যে সাম্প্রতিক পণ্য ও পরিষেবা কর বা GST (Goods and Services Tax) হার হ্রাসের সুবিধাগুলি সারা দেশে সুষ্ঠভাবে গৃহীত হয়েছে। সাথে এই হ্রাসের প্রভাব সমস্ত শ্রেনীর গ্রাহকদের কাছে পৌঁছেছে। বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে সীতারামন বলেন, সরকার ৫৪টি মূল বিষয়ের উপর নজর রাখছে। যাতে করের সুবিধাগুলি প্রত্যেক ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া হয়। কারণ এই GST হ্রাস সাধারণ নাগরিকদের কথা ভেবে করা হয়েছে এবং এটির প্রভাবও উল্লেখযোগ্য আশা করা যায়।
প্রত্যেক পণ্যের বিভাগে GST-এর হার উল্লেখ করে তিনি ব্যাখ্যার সাহায্যে জানান যে উচ্চমানের পোর্টল্যান্ট সিমেন্টের মতো কিছু পণ্যের ক্ষেত্রে প্রত্যাশার চেয়ে কম লাভ হলেও সামগ্রিকভাবে GST-এর হার কমানোর ফলে ভোক্তাদের জন্য প্রাইস (দাম) কম হয়েছে। সীতারামন বলেন, এই পরিবর্তনগুলি ২২ সেপ্টেম্বর, ২০২৫ নবরাত্রির প্রথমদিন বা দূর্গাপূজার প্রথম থেকে বাস্তবায়িত হয়েছে এবং গ্রাউন্ড শো থেকে প্রাপ্ত প্রতিক্রিয়া থেকে দেখা যাচ্ছে যে গ্রাহকরা হার হ্রাসকে স্বাগত জানিয়েছে। সম্প্রতিক GST-তে ১২%-এর পণ্যকে ৫%-এর স্ল্যাবে এবং ২৮%-এর বিভাগীয় পণ্যকে ১৮%-এর সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে।
গোয়েল এই পদক্ষেপকে “স্বাধীনতার পর থেকে বৃহত্তম GST সংস্কার” হিসাবে বর্ণনা করেছেন। যা ভোক্তাদের ব্যয় বৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি এবং অবকাঠামোগত বৃদ্ধিকে সমর্থন করে অর্থনীতিতে এর বহুমুখী প্রভাব তুলে ধরেছে। তিনি আরও উল্লেখ করেছেন যে বেশিরভাগ ই-কমার্স প্ল্যাটফর্ম সফলভাবে গ্রাহকদের কাছে কর সুবিধা পৌঁছে দিয়েছে। বৈষ্ণব নবরাত্রির সময় রেকর্ড বিক্রির দিকে ইঙ্গিত করেন আর বলেন, স্মার্টফোন, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন এবং সেট-টপ বক্সের মতো ইলেকট্রনিক্স বিভাগে ২০%-২৫% বেশি বিক্রি হয়েছে। তিনি আরও বলেন, GST সংস্কার খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও সাহায্য করেছে।




