হু হু করে বাড়ছে টমেটোর দাম। বর্তমানে দিল্লি ও এনসিআর-এর বাজারে টমেটো কেজি প্রতি 60 থেকে 70 টাকা দরে বিক্রি হচ্ছে। শীঘ্রই কেজি প্রতি টমেটোর দাম 100 টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা। কিন্তু কেন এভাবে টমেটোর দাম বাড়ছে? জানা গিয়েছে যে, হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিতে টমেটো সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তাই আগামী দিনে টমেটোর দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।
আজাদপুর মান্ডির ব্যবসায়ীর জানান, উত্তর ভারতের প্রচুরসংখ্যক বাজারে টমেটোর প্রধান সরবরাহকারী হল হিমাচল প্রদেশ। বৃষ্টির কারণে রাস্তাঘাটও ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই নয়, হিমাচলের অনেক জায়গায় রাস্তা এই মুহূর্তে জলের তলায়। যার কারণে টমেটো সহ অন্যান্য শাকসবজি সরবরাহ বিঘ্নিত। আগামী দিনে টমেটোর দাম বৃদ্ধি পেতে পারে বলে খবর।
আজাদপুর মান্ডির সবজি ব্যবসায়ী বিজয় কুমার বলেন, “ভারী বৃষ্টিতে শুধু ফসলেরই ক্ষতি হয়নি, রাস্তারও ক্ষতি হয়েছে। এতে সাপ্লাই চেইন ব্যাহত হতে পারে। সাপ্লাই চেইনে ব্যাঘাত ঘটলে টমেটোর দাম বেড়ে যেতে পারে।” ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমার ফেডারেশনের তথ্য অনুসারে, দিল্লিতে টমেটোর খুচরা মূল্য বর্তমানে প্রতি কেজি প্রায় 70 টাকা। অন্যদিকে যেখানে মুম্বইতে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টমেটো।
টমেটোর ক্রমবর্ধমান দাম থেকে স্বস্তি দিতে পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকারের সংস্থা ন্যাশনাল কো-অপারেটিভ কনজ্যুমারস ফেডারেশন (NCCF)। গত 29 শে জুলাই থেকে দিল্লি-এনসিআরের অনেক অঞ্চলে প্রতি কেজি 60 টাকা কেজি দরে টমেটো বিক্রি করা শুরু হয়। যার কারণে খুচরা বাজারে টমেটোর দাম কিছুটা হলেও কম ছিল। তবে দাম ফের দাম বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীরা। তবে এখন দাম বৃদ্ধির প্রভাব পশ্চিমবঙ্গ সহ গোটা উত্তর ভারতে দেখা যেতে পারে।
Article By – আস্তিক ঘোষ






