অক্টোবর ২৯, ২০২৪-এ অর্থাৎ আজ ২৪ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ৭৯৯৬ টাকা এবং ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ৭৩৩১ টাকা। এই দীপাবলিতে সোনায় বিনিয়োগের কথা চিন্তা করছেন? ভাবছেন সোনার দোকান থেকে ফিজিক্যাল গোল্ড কিনবেন? কিন্তু তাতে মেকিং চার্জ ও GST মিলিয়ে আপনাকে দিতে হবে অনেক অতিরিক্ত চার্জ। জানিয়ে রাখি, সোনায় ইনভেস্টমেন্টের জন্য আপনাকে বাধ্যতামূলকভাবে বাস্তবিক সোনা বা ফিজিক্যাল গোল্ড কিনতে হবে এমন কোনো কথা নেই। এমন কয়েকটি বিকল্প রয়েছে যেখানে আপনি ভার্চুয়ালি সোনা কিনতে পারেন এবং যেখানে আপনি শুধুমাত্র সোনার দামের উপর বেশি আয়ের সুযোগ পাবেন তা নয়, তাছাড়াও সোনা সংরক্ষণ ও সুরক্ষিত রাখার ঝক্কি থেকেও মুক্ত হওয়া যায় এই ধরনের বিনিয়োগে। আজকে আমরা এমনই দুটি বিকল্পের কথা জানাব যেটা আপনি ফিজিক্যাল গোল্ডের বদলে কিনতে পারেন। সেই দুটি বিকল্প হল SGB অর্থাৎ Sovereign Gold Bond এবং Gold ETF।
SGB:
SGB বা Sovereign Gold Bond হল একটি সরকারি বিনিয়োগ বিকল্প যেটি সোনার গ্রামের হিসেবে গণনা করা হয়। এই বন্ডগুলিকে বাস্তব সোনা বা ফিজিক্যাল গোল্ডের বিকল্প ধরা হয়। SGB কিনতে হলে বিনিয়োগকারীরা প্রথমে বন্ডের ইস্যু প্রাইস নগদে দেবেন এবং পরে বন্ডের মেয়াদ শেষে তাঁরা বন্ডটি রিডিম করতে পারবেন। ভারত সরকারের পক্ষ থেকে সোভারিন গোল্ড বন্ড RBI অর্থাৎ Reserve Bank of India ইস্যু করে থাকে। বিনিয়োগকারীরা SGB কেনার সময়ে যে পরিমাণ সোনা পান সেটি সুরক্ষিত থাকে কারণ মেয়াদ শেষে বা মেয়াদের আগে যখনই রিডিম করা হোক না কেন, সেইসময়ে সোনার দাম যা থাকবে সেই দামই পাওয়া যাবে, ওজনের কোনো হেরফের হবে না। সোভারিন গোল্ড বন্ড বাস্তব সোনা কেনার থেকে অনেক ভালো কারণ এটিতে সংরক্ষণের খরচ পুরোপুরি বাদ দেওয়া সম্ভব।
SGB-তে মেয়াদের শেষে সোনার বাজার মূল্যতেই অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা যেমন আছে তেমনই নির্দিষ্ট হারে সুদ পাওয়ার সুযোগও রয়েছে SGB-তে। সোনার গয়নাতে সোনার বিশুদ্ধতা নিয়ে সন্দেহ থাকতে পারে, তবে এখানে সোনার শুদ্ধতা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। এছাড়াও গয়না কেনার যে মেকিং চার্জ সেটিও SGB-র ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে এখানে রিটার্নের সম্ভাবনা অনেকটাই বেশি। আর যেহেতু একটি demat অর্থাৎ ডিমেটারিয়ালাইসড ফর্মে থাকে তাই হারিয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই। আপনি SGB যে-কোনো ইস্যুকারী ব্যাংক, SHCIL অর্থাৎ StockHolding Corporation of India Ltd, নির্দিষ্ট পোস্ট অফিস অথবা কোনো এজেন্ট মারফত কিনতে পারেন। তবে আবেদনের সময়ে PAN নম্বর অবশ্যই দরকার এবং প্রতি বছর একজন বিনিয়োগকারী সর্বাধিক চার কেজি পর্যন্ত সোনা ক্রয় করতে পারেন এই বন্ড মারফত।
Gold ETF:
Gold ETF বা exchange traded fund হল আরও একটি বিকল্প যার মাধ্যমে সোনায় ডিজিট্যালি বিনিয়োগ করা যায় এবং এটি ফিজিক্যাল গোল্ডের স্থানীয় দামকে ট্র্যাক করে। এটি একটি প্যাসিভ বিনিয়োগ যেটি সম্পূর্ণভাবে সোনার দামের ওপর নির্ভর করে। ফিজিক্যাল গোল্ড বা বাস্তব সোনা পেপার বা demat আকারে প্রকাশ করা হয় ETF-এর ইউনিটের মাধ্যমে। Gold ETF-এর প্রতিটি ইউনিট ১ গ্রাম সোনার সমান হয় এবং ফিজিক্যাল গোল্ডের খুব উচ্চ বিশুদ্ধতা দ্বারা নিশ্চয়তা পাওয়া যায়। Gold ETF-এ একইসঙ্গে স্টকে বিনিয়োগ এবং সোনায় বিনিয়োগের সুবিধা পাওয়া যায়। কোনো কোম্পানির স্টক যেভাবে NSE ও BSE-তে লিস্টেড থাকে Gold ETF-ও এই দুই এক্সচেঞ্জে লিস্টেড থাকে এবং শেয়ার বাজারে ট্রেড হয়। Gold ETF কেনার অর্থ হল আপনি ইলেকট্রনিক আকারে সোনা কিনছেন। স্টক যেমনভাবে আপনি কেনাবেচা করেন ঠিক সেইরকমই সহজে Gold ETF কেনা বা বেচা যাবে।
SGB-তে বিনিয়োগের কিছু সীমাবদ্ধতা:
→ Gold ETF-এ যেমন বিনিয়োগের কোনো সর্বাধিক সীমা নেই, কিন্তু SGB-র ক্ষেত্রে কোনো বিনিয়োগকারী বছরে ৪ কেজির বেশি বিনিয়োগ করতে পারবেন না।
→ ইস্যু ডেটের পর থেকে ৫ বছরের লক-ইন থাকে SGB-তে। অন্যদিকে gold ETF-এর ক্ষেত্রে লক-ইনের কোনো ভাবনা নেই। বিনিয়োগকারী নিজের পছন্দমতো ট্রেড করে পারেন।
→ আপনি যখন SGB রিডিম করবেন তখন রিডেম্পশনের আগের ৩টি বিজনেস ডে-এর 999 বিশুদ্ধ সোনার closing price-এর গড়ের ভিত্তিতে রিডেম্পশন মূল্য গণনা করা হয়। The India Bullion ও Jewellers Association Limited দ্বারা এই দাম বা সুদের পরিমাণ নির্দিষ্ট করা হয়। ফলে সোনার আসল দামের সঙ্গে রিডেম্পশনের দিনের দামের সামান্য ফারাক থাকতে পারে।
Gold ETF-এর সীমাবদ্ধতা:
→ SGB-তে স্থির ইন্টারেস্ট আয়ের সুযোগ ছিল, কিন্তু Gold ETF-এ সেই ধরনের কোনো স্থির সুদ পাওয়া যায় না, কারণ এটি সম্পূর্ণভাবে বাজারের ওঠানামার সঙ্গে যুক্ত। আপনি কখন রিডিম করবেন সেটি এই ক্ষেত্রে তাই বিবেচনা করা প্রয়োজন নাহলে ক্যাপিটাল লসের সম্ভাবনাও থাকে।
→ Gold ETF-এ Entry বা exit load না থাকলেও ম্যানেজমেন্ট চার্জ, ব্রোকারেজ চার্জ এবং ফান্ডের অ্যাডমিনিস্ট্রেশন চার্জ লাগু হয় যা রিটার্নের উপর প্রভাব ফেলতে পারে।
ফিজিক্যাল গোল্ড না কিনে এই দুই ধরনের বিকল্প থেকে একটি নির্বাচন করা যেতে পারে সোনায় বিনিয়োগের জন্য। তবে আপনি কোন মেয়াদের জন্য বিনিয়োগ করতে চান সেটি আগে বিবেচনা করা দরকার। কারণ short-term-এর জন্য বিনিয়োগের কথা ভাবলে SGB ভালো বিকল্প হবে না কারণ এটিতে একটি লক-ইন পিরিয়ড থাকে। ঠিক সেইরকম আপনার লক্ষ্য কী সেটিও সমানভাবে বিবেচ্য। তবে সোনা বা এইধরনের hedge investment, মোট বিনিয়োগের 5%-10% হওয়া উচিত, তার বেশি নয়, যাতে মার্কেটের খারাপ সময়ে মুদ্রাস্ফীতির সময়ে এই বিনিয়োগগুলি সুরক্ষিত থাকে।





