Article By – আস্তিক ঘোষ

আগামী 5 বছরে লজিস্টিক খরচ কমানোর পরিকল্পনা করছে সরকার। এমনটা হলে অনলাইনে অর্ডার করা জিনিসপত্রের সঙ্গে কমতে পারে খাবার, পানীয় ও অন্যান্য জিনিসের দাম। বৃহস্পতিবার লজিস্টিক খরচ কমানোর কথা বলেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। ‘ডেলয়েট গভর্নমেন্ট সামিটে’ উপস্থিত হয়ে তিনি বলেন, অনেক হাইওয়ে ও এক্সপ্রেসওয়ে নির্মাণ করছে মন্ত্রণালয়। এতে ভারতের লজিস্টিক খরচ কমবে।
গড়করি বলেছেন, দেশের লজিস্টিক খরচ আগামী পাঁচ বছরে এক অঙ্কে নেমে আসবে বলে তিনি আত্মবিশ্বাসী। তবে ইকোনমিক রিসার্চ ইনস্টিটিউট, ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চ (NCAER) এর অনুমান অনুসারে, ভারতে লজিস্টিক খরচ 2021-22 সালে মোট দেশীয় পণ্যের (জিডিপি) 7.8 শতাংশ থেকে 8.9 শতাংশের মধ্যে ছিল।
নীতিন গড়করি আরও বলেন, তাঁর লক্ষ্য ভারতের অটোমোবাইল শিল্পকে বিশ্বের এক নম্বর শিল্পে পরিণত করা। গত বছর জাপানকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম মোটরগাড়ি বাজার হয়ে উঠেছে ভারত। ভারতের চেয়ে এগিয়ে ছিল শুধু আমেরিকা ও চিন। গড়করি বলেন, ভারতের অটোমোবাইল শিল্পের আকার 2014 সালে 7.5 লাখ কোটি টাকা থেকে 2024 সালে 22 লাখ কোটি টাকায় বৃদ্ধি পাবে।
নীতিন গড়করি জানান, ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতি। তিনি বলেন, কৃষকদের ক্রয়ক্ষমতা বাড়াতে পারলে দেশের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে। ভারতকে তার রপ্তানি বাড়াতে হবে এবং আমদানি কমাতে হবে। দেশের উন্নয়নে স্মার্ট সিটির মতো স্মার্ট ভিলেজও প্রয়োজন বলে উল্লেখ করেন নীতিন গড়করি।




