ইনভেস্টমেন্টের জগৎ এখন এতই প্রসারিত যে বাড়ি বসে ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে সহজেই বিনিয়োগ করা যায়। এছাড়াও অনলাইন ব্রোকিং প্ল্যাটফর্মগুলি বেশ সহজ উপায়ে বিনিয়োগের সুযোগ দেয়। বর্তমানে বিনিয়োগকারীদের একাধিক ব্রোকারেজ অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পড়ে না। তার কারণ আধুনিক ট্রেডিং প্ল্যাটফর্মগুলি একই জায়গায় বিভিন্ন ধরনের পরিষেবা প্রদানের সুযোগ দেয়। প্রতিনিয়তই এই প্ল্যাটফর্মগুলি উন্নত হচ্ছে এবং প্রচুর কার্যকর হয়ে উঠছে। তবুও একটি অ্যাকাউন্ট রাখাই কি সঠিক সিদ্ধান্ত? নাকি এর ফলে আর্থিক পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে? চলুন জানা যাক একাধিক ব্রোকারেজ অ্যাকাউন্ট রাখার সুবিধা ও অসুবিধা কী।
→ বিনিয়োগের পৃথকীকরণ এবং পরিষেবার ডাইভারসিফিকেশন:
একটির বদলে একাধিক ব্রোকারেজ অ্যাকাউন্ট থাকলে আপনি বিনিয়োগ কৌশল অনুযায়ী অথবা অ্যাসেট ক্লাস অনুযায়ী আলাদা আলাদা পোর্টফোলিও রাখতে পারবেন। যেমন একটি অ্যাকাউন্টে দীর্ঘমেয়াদি ইক্যুইটি ইনভেস্টমেন্টগুলি রাখলেন, একটি থেকে intraday trading বা derivative trading-এর মতো বিনিয়োগগুলি করলেন ইত্যাদি। এইভাবে পৃথকীকরণের ফলে পোর্টফোলিও পরিচালনা এবং ফলাফলের উপর নজর রাখা সহজ।
তাছাড়াও একটি প্ল্যাটফর্মে অনেকসময় সব সুবিধা একসঙ্গে পাওয়া যায় না যেমন কেনো প্ল্যাটফর্মে ফি এবং চার্জগুলি কম, কোথাও স্টক রিসার্চের সুযোগ রয়েছে আবার কোথাও বা প্ল্যাটফর্মের interface-এর ব্যবহার বেশ সহজ। ফলে যদি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে ইনভেস্টমেন্টগুলি ডাইভারসিফাই করা যায় তাহলে ট্রেডিং অভিজ্ঞতায় সুবিধা পাওয়া যাবে। এইরকমভাবে ডাইভারসিফাই করলে কোনো একটি ব্রোকারের ক্ষেত্রে প্রযুক্তি গত কোনো সমস্যা দেখা দিলে অন্যগুলি hedge হিসেবে কাজ করবে।
→ একাধিক মার্কেটে অ্যাক্সেস:
একের বেশি ব্রোকারেজ অ্যাকাউন্ট থাকলে অনেকগুলি ইনভেস্টমেন্ট প্রোডাক্টের অ্যাক্সেস পাওয়া যায়। যেমন কিছু ব্রোকার ইন্টারন্যাশনাল স্টক, কমোডিটি বা অল্টারনেটিভ অ্যাসেটে বিনিয়োগের সুযোগ দেয়, তবে এই সবকিছু সুবিধা একজায়গায় পাওয়া সম্ভব নয়। সেইজন্য যেসব বিনিয়োগকারীরা বৈশ্বিক বাজারে বিনিয়োগ করতে চান বা নির্দিষ্ট কোনো একটি অ্যাসেটে বিনিয়োগ করতে ইচ্ছুক হন তাহলে আলাদা আলাদা ব্রোকারেজ ফার্ম থেকে তাঁরা এই সুবিধাগুলি ভালোভাবে পেতে পারেন।
একাধিক অ্যাকাউন্ট থাকার অসুবিধা কী?
সুবিধার পাশাপাশি একাধিক অ্যাকাউন্ট থাকার বেশ কিছু অসুবিধাও আছে। প্রতিটি অ্যাকাউন্টের নিজের কিছু ফি বা চার্জ থাকে যেমন KYC renewal, tax reporting ইত্যাদি। ফলে দীর্ঘমেয়াদের জন্য এই ধরনের চার্জগুলি ব্যয়বহুল হতে পারে।
তাছাড়াও ডিভিডেন্ড বা স্টক স্প্লিটের মতো কর্পোরেট অ্যাকশনগুলির ক্ষেত্রে একের বেশি অ্যাকাউন্টে নজর রাখা সমস্যাজনক হতে পারে। আবার, যেহেতু বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে exposure বেশি পাওয়া যায় তাই overtrading-এর ঝুঁকি তৈরি হয় যা ক্ষতির সম্ভাবনা বাড়িয়ে দেয়।
তাহলে কাদের জন্য একাধিক অ্যাকাউন্ট সুবিধাজনক?
অভিজ্ঞ বিনিয়োগকারী, যাঁরা একাধিক বিনিয়োগ কৌশল ব্যবহার করেন বা যাঁদের একাধিক পারিবারিক ব্রোকারেজ অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা একের বেশি অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে যাঁরা সদ্য বিনিয়োগ শুরু করেছেন বা যাঁরা খুব সাধারণ লক্ষ্য নিয়ে বিনিয়োগ করেন তাঁদের জন্য একটি অ্যাকাউন্ট যথেষ্ট।
আসলে এটি-সম্পূর্ণ নির্ভর করছে বিনিয়োগকারীদের সিদ্ধান্তের উপর। আপনি যদি নতুন বিনিয়োগকারী হন, তা সত্ত্বেও যদি আপনার কম্পাউন্ডিং, লং টার্ম ইনভেস্টমেন্ট সম্পর্কে ধারণা থাকে, আবার তার পাশাপাশি futures এবং options-এর মতো derivative market-এও exposure চান তাহলে এই দুই স্ট্র্যাটেজির জন্য দুটি অ্যাকাউন্ট বজায় রাখতেই পারেন।
শেষে বলা যায় একের বেশি ব্রোকারেজ অ্যাকাউন্ট সুবিধাজনক ঠিকই তবে সেটি যথাযথ নজরদারির জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা। এছাড়াও নিজের বিনিয়োগ লক্ষ, ঝুঁকি নেওয়ার ক্ষমতা ইত্যাদি বিবেচনা করে সিদ্ধান্ত আসা উচিত। অথবা বিনিয়োগ-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে SEBI রেজিস্টার্ড কোনো আর্থিক উপদেষ্টার সাহায্য নেওয়া যেতে পারে।





