বিশ্বের অন্যান্য শেয়ার বাজারের মতোই ভারতীয় বাজারও বিনিয়োগকারীদের উচ্চাশার কারণে ঊর্ধ্বগতি পায়, আবার বিনিয়োগকারীদের ভীতির কারণে নীচে পড়তে থাকে। ফলে এইরকম ক্রমাগত ওঠানামার কারণে মার্কেটটি একাধিক সুযোগ সামনে আনে। কিন্তু একজন ট্রেডার বা ইনভেস্টর হিসেবে শেয়ার বাজারের বর্তমান গতিবিধি কীভাবে জানবেন বা সামলে উঠবেন কীভাবে জানেন? India VIX এমন একটি দরকারি উপায় যার সাহায্যে আপনি মার্কেটের অভ্যন্তরীণ উত্তেজনা বা মনোভাব সম্পর্কে জানতে পারবেন।
India VIX কী?
India VIX হল একটি volatility index যা ২০০৩ সালে NSE দ্বারা চালু করা হয়েছিল। অন্যান্য ইনডেক্সগুলি যেখানে শেয়ারের দাম ট্র্যাক করে, সেখানে VIX আগামী ৩০ দিনে ভারতীয় বেঞ্চমার্ক ইনডেক্স, Nifty 50-এর অস্থিরতায় বাজারের প্রতিক্রিয়ার একটি প্রতিফলন দেখায়। এটিকে অস্থিরতার পরিমাপক হিসেবে দেখা যেতে পারে। India VIX যদি বেশি থাকে তাহলে বুঝতে হবে বিনিয়োগকারীরা Nifty 50-র দামের উল্লেখযোগ্য ওঠানামার কারণে বেশ শঙ্কিত। এবং উল্টোদিকে India VIX যদি কম থাকে তাহলে ধরে নিতে হবে বাজার পরিস্থিতি অনেক শান্ত আছে এবং প্রত্যাশা অনুযায়ী দামের সামান্য ওঠানামা হচ্ছে।
কীভাবে গণনা করা হয় India VIX?
Nifty 50-র option চুক্তির বিভিন্ন strike price ও expiry date-এর ভিত্তিতে দামগুলি নিয়ে India VIX গণনা করা হয়। মূলত, অপশন প্রাইসগুলি নিজেরাই ভবিষ্যতের অস্থিরতা সম্পর্কে বাজারের প্রত্যাশাকে দেখায়। এই সংখ্যাগুলির সাহায্যেই India VIX একক একটি সংখ্যার মান প্রকাশ করে যা বাজারের সামগ্রিক অস্থিরতার মনোভাবকে দেখায়।
VIX চলতি মাস ও পরের মাসের আলাদা আলাদা strike price-এর put ও call option price নিয়ে কাজ করে যাদের expiry হতে এখনও অন্তত দিন তিনেক বাকি। VIX-এর মান বলে দেবে যে আগামী ৩০ দিনে Nifty 50-র গতিবিধি কেমন হতে পারে। NSE ওয়েবসাইটে VIX নম্বর যেটি দেখা যায় সেটি একটি বার্ষিক নম্বর যা ৪ নভেম্বর ২০২৪-এ দাঁড়িয়েছে ১৬.৬৯। কিন্তু আপনি যদি এই মাসের মান জানতে চান, কীভাবে জানবেন?
এটি জানতে আমাদের ১২-এর বর্গমূল(square root) দিয়ে ভাগ করতে হবে। ১২-এর বর্গমূল হল ৩.৪৬৪।
সুতরাং monthly volatility= ১৬.৬৯/৩.৪৬৪= ৪.৮২। আর এটিকে শতকরা হিসেবে প্রকাশ করা হয়, সুতরাং 4.82%।
আজ অর্থাৎ ৪ নভেম্বর Nifty 50 বন্ধ হয়েছে ২৩৯৯৫ পয়েন্টে। তাই ধরে নেওয়া যায় আগামী ৩০ দিনে Nifty 50 পড়ে ২২,৮৩৮-এ নামতে পারে, বা বেড়ে ২৫,১৫১ পয়েন্টে পৌঁছতে পারে।
VIX-এর গুরুত্ব:
→ ঝুঁকি মোকাবিলা : India VIX বেশি হলে সেটি একপ্রকার সতর্ক বার্তা বহন করে। এটি ইঙ্গিত দেয় যে দামের বড়সড় ওঠানামা হতে পারে, ফলে VIX বেশি থাকলে ট্রেডারদের নিজেদের কৌশল নিয়ন্ত্রণে রাখতে হবে এবং ঝুঁকির ব্যাপারে সচেতন হতে হবে।
→ বিনিয়োগ সিদ্ধান্ত : VIX কম থাকলে দীর্ঘ মেয়াদের বিনিয়োগের সম্ভাব্য সুযোগ থাকে, কারণ বাজার সেইসময় অনেক স্থিতিশীল থাকে। অন্যদিকে VIX যদি বেশি তাহলে তাহলে এটি বাজার সম্পর্কে সতর্ক করে এবং শর্ট টার্ম ট্রেডিংয়ের কৌশলও পরিবর্তন করতে হয় যাতে দামের ওঠানামার ফলে সম্ভাব্য লাভ নেওয়া যায়।
ভারতের VIX-এর গুরুত্ব:
বাজারের সম্ভাব্য দিক পরিবর্তন নির্দেশ করে India VIX। যাঁরা অপশন ও ফিউচার ট্রেডিং করেন তাঁদের জন্য এটি বেশি লাভজনক একটি মাধ্যম। কারণ কোভিড-১৯ পূর্ববর্তী সময়ে India VIX-এর সাধারণ মান ৩০-এর নীচে ছিল। তবে অতিমারির সময় থেকে সেটি বেড়ে ৩০ ছড়িয়ে যায় এবং কিছুদিন তো এটি ৫০-৮০ স্তরে ওঠানামা করছিল।
সেই কারণে India VIX-এর সঠিক বিশ্লেষণ ও বর্তমান অর্থনৈতিক গতিবিধি দেখে মার্কেটের মনোভাব জানা যেতে পারে। বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য যেমন GDP, মুদ্রাস্ফীতির হার ইত্যাদির প্রকাশ, ভারতীয় volatility index-এ প্রভাব ফেলে। এছাড়াও দেশীয় বা বৈদেশিক ভূ-রাজনৈতিক অস্থিরতা শেয়ার বাজারে অনিশ্চয়তা নিয়ে আসে, ফলে volatility index বেড়ে যায়।
তবে India VIX-এর কিছু সীমাবদ্ধতাও আছে। যেমন,
- এই ইনডেক্স শুধুমাত্র Nifty 50-এর ওপর নজর রাখে। এটি বৃহত্তর মার্কেট সেগমেন্ট বা আলাদা আলাদা স্টকের ব্যাপারে বিশদে কিছু জানায় না।
- India VIX কেবলমাত্র পরবর্তী ৩০ দিনের বাজার প্রত্যাশা দেখায়। এটি দীর্ঘ মেয়াদে বাজারের প্রবণতা দেখায় না।
শেষে বলা যায়, মোটের ওপর এই ইনডেক্সের মাধ্যমে বাজারের অন্তর্নিহিত মনোভাব সম্পর্কে মূল্যবান তথ্য পাওয়া যায়। এই তথ্যের সাহায্যে যথাযথ বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া যায়, এবং ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা যায়। তবে এই ইনডেক্সটি দেখার পাশাপাশি অন্যান্য ইন্ডিকেটরগুলি অবশ্যই দেখে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া উচিত।





