Article By – সুনন্দা সেন

সেনসেক্স তার পূর্ববর্তী বন্ধে (১৯ জুন) ৮১,৩৬১.৮৭ পয়েন্টের বিপরীতে ৮১,৩৫৪.৮৫ পয়েন্টে খোলা হয় এবং ১,১৩৩ পয়েন্ট বা ১.৪% বেড়ে ইন্ট্রাডে তে ৮২,৪৯৪.৪৯ পয়েন্টের সর্বোচ্চে পৌঁছে। অন্যদিকে, নিফটি ৫০ তার পূর্ববর্তী বন্ধের ২৪,৭৯৩.২৫ পয়েন্টের বিপরীতে ২৪,৭৮৭.৬৫ পয়েন্টে খোলা হয় এবং ১.৪% বেড়ে ইন্ট্রাডে তে ২৫,১৩৬.২০ পয়েন্টের সর্বোচ্চে পৌঁছে ছিলো। অবশেষে দিনের শেষে সেনসেক্স ১,০৪৬ পয়েন্ট বা ১.২৯% বেড়ে ৮২,৪০৮.১৭- এ বন্ধ হয়, যেখানে নিফটি ৫০ ৩১৯ পয়েন্ট বা ১.২৯% বেড়ে ২৫,১১২.৪০-এ স্থির হয়।
এছাড়া BSE মিডক্যাপ সূচক ১.২০% এবং স্মলক্যাপ সূচক ০.৫৫% বেড়েছে। বোম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সংস্থাগুলির সামগ্রিক বাজার মূলধন আগের সেশনের প্রায় ৪৪৩ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে প্রায় ৪৪৮ লক্ষ কোটি টাকাতে পৌঁছেছে। যার ফলে বিনিয়োগকারীরা এক সেশনে প্রায় ৫ লক্ষ কোটি টাকা লাভ করেছেন। মুনাফার নিরিখে শীর্ষে ছিল ওয়াড়ি এনার্জিস, পাওয়ার ফিনান্স কর্পোরেশন, প্রিমিয়ার এনার্জিস, এনডুরান্স টেকনোলজিস, REC, IFCI, NAVA, NTPC গ্রিন এনার্জি, কেফিন টেকনোলজিস, ইন্দাস টাওয়ারস, রেলটেল কর্পোরেশন, HBL পাওয়ার, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, এবং সুজলন এনার্জির শেয়ার।
আজকে শেয়ার বাজারে লক্ষ্য করা গেছে নানা কারণে, আর সেগুলি হলো :
- বৃহস্পতিবার, আরবিআই প্রকল্প অর্থায়নের জন্য বিস্তৃত নির্দেশিকা জারি করেছে। বিভিন্ন বিদ্যমান সার্কুলারগুলিকে একীভূত করেছে এবং ব্যাংক, NBFC এবং সমবায় ব্যাংকগুলিতে নিয়মকানুনকে মানসম্মত করেছে। যারপর আজকে শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব দেখা গেছে।
- ফেডারেল রিজার্ভ ২০২৫ সালে দুটি সুদের হার হ্রাসের পূর্বাভাস নিশ্চিত করার সাথে সাথে বর্তমান সুদের হার বজায় রেখেছে। উচ্চ মুদ্রাস্ফীতির পূর্বাভাস সত্ত্বেও, ভবিষ্যতে আর্থিক সহজীকরণের কেন্দ্রীয় ব্যাংকের ইঙ্গিতে বিশ্ব বাজারগুলি অনুকূলভাবে সাড়া দিয়েছে। যা প্রভাব ভারতীয় শেয়ার বাজারেও পড়েছে।
- বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (FIIs) নিট ক্রয় করছেন। আগের দুটি সেশনে তারা ১,৮২৪ কোটি টাকার ইক্যুইটি অর্জন করেছে। আজকে বিনিয়োগ দাঁড়িয়েছে ২৩,৭৭৮ কোটি টাকা। অর্থাৎ FIIs ফিরে আসা স্টক মার্কেটের বৃদ্ধির অন্যতম কারণ।




