Article By – সুনন্দা সেন

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উর্ধ্বমুখী থাকায় সপ্তাহের ট্রেডিংয়ে চাপে পড়েছে ভারতীয় শেয়ারবাজার। আর তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বিনিয়োগকারীদের মনোভাবে, যার জেরে রেড জোনে খুলেছে সেনসেক্স ও নিফটি। প্রথম দিকের লেনদেনে BSE সেনসেক্স ২০০ পয়েন্টেরও বেশি এবং NSE নিফটি ২৪,০০০-এর স্তরের নীচে নেমে যায়। সাথে বাজারে সবচেয়ে বেশি বিক্রির চাপ দেখা যায় অটো, তেল বিপণন সংস্থা (Oil marketing company), এভিয়েশন, পেইন্ট এবং কেমিক্যাল খাতের শেয়ারে।
আন্তর্জাতিক স্তরে তেলের দাম উচ্চ, আর ভারত যেহেতু তার মোট চাহিদার প্রায় ৮৫%-এর বেশি অপরিশোধিত তেল আমদানি করে, তাই এই মূল্যবৃদ্ধি দেশের অর্থনীতির ওপর সরাসরি চাপ তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে, তেলের দাম বাড়লে ভারতের আমদানি ব্যয় বেড়ে যায়, মুদ্রাস্ফীতির ঝুঁকি বাড়ে এবং রুপির ওপর চাপ তৈরি হয়। পাশাপাশি সংস্থাগুলির উৎপাদন খরচ বাড়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ খাত থেকে দূরে সরে যাচ্ছেন। বিদেশী প্রতিষ্ঠান বা বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানও বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে।
তবে ইতিবাচক দিক হলো, তথ্যপ্রযুক্তি এবং কিছু রপ্তানিমুখী সংস্থার শেয়ারে তুলনামূলকভাবে স্থিতিশীলতা দেখ যাচ্ছে। কারণ দুর্বল রুপি এই ধরনের সংস্থাগুলির আয়ের কিছুটা সহায়তা করতে পারে। আর এখন বাজারের নজর থাকবে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দামের গতিপ্রকৃতি, বিদেশী বিনিয়োগকারীদের লেনদেন, রুপির অবস্থান এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির দিকে। পাশাপাশি এই বিষয়গুলিই আগামী কয়েক সেশনে ভারতীয় শেয়ারবাজারের দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।




