Article By – সুনন্দা সেন

ভারতের শেয়ার বাজারের বহুল আলোচিত ঘটনায় আবার নতুন আপডেট। IPO-তে কিছুটা দেরি লক্ষ্য করা গেলেও আগামী মে মাসে বড় অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। সূত্র অনুযায়ী, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের আগে পরিকল্পনা ছিল মার্চ, ২০২৬-এর মধ্যে জিও (JIO)-এর IPO জন্য ড্রাফ্ট রেড হেরিং প্রসপেক্টাস বা DRHP জমা দেওয়ার। কিন্তু এখন সেই সময়সীমা পিছিয়ে মে মাসে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এই বিলম্বের কারণ কী?
বিশেষজ্ঞরা বলছেন এই বিলম্ব কোনও নেতিবাচক সংকেত নয়, বরং এটি একটি কৌশলগত পদক্ষেপ। –
- প্রথমত, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং তেলের দামের অস্থিরতার কারণে বিশ্ববাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বড় IPO বাজারে আনা ঝুঁকিপূর্ণ হতে পারে।
- দ্বিতীয়ত, চলতি বছরের শুরুতে ভারতীয় IPO বাজার কিছুটা ধীরগতির ছিল। ফলে বড় সংস্থাগুলি অপেক্ষা করছে বাজার স্থিতিশীল হওয়ার জন্য।
- তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কোম্পানি তাদের সম্পূর্ণ ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক ফলাফল IPO নথিতে অন্তর্ভুক্ত করতে চায়। এতে বিনিয়োগকারীরা কোম্পানির প্রকৃত আর্থিক অবস্থা, আয় ও মুনাফার স্পষ্ট ধারণা পাবেন।
এই দেরির মধ্যেই রয়েছে ইতিবাচক দিক। মে মাসে DRHP জমা পড়লে তাতে সম্পূর্ণ বছরের আর্থিক তথ্য থাকবে, যা IPO-কে আরও শক্তিশালী করে তুলতে পারে। আর জিওর IPO ভারতের ইতিহাসে সবচেয়ে বড় পাবলিক ইস্যু হতে পারে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই একাধিক বড় ইনভেস্টমেন্ট ব্যাংক এই ইস্যু পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছে। মুকেশ আম্বানির নেতৃত্বে জিও প্ল্যাটফর্মস বর্তমানে ৫০০ মিলিয়নেরও বেশি গ্রাহক নিয়ে দেশের অন্যতম বৃহৎ টেলিকম ও ডিজিটাল পরিষেবা প্রদানকারী সংস্থা। ৫জি পরিষেবা, ডিজিটাল অ্যাপস এবং প্রযুক্তি খাতে দ্রুত বিস্তার ঘটাচ্ছে সংস্থাটি।




