Article By – সুনন্দা সেন

মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্য নিয়ে বিরোধ কমাতে লন্ডনে আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীরা চোখ রাখছেন হলুদ ধাতুর দিকে। আজকে (১০ জুন) আন্তর্জাতিক বাজারে সোনার দাম স্থিতিশীল ছিল। সাধারণত বাজারে যখন অনিশ্চয়তা তৈরি হয়, তখন নিরাপদ বিনিয়োগ বিকল্প হয়ে ওঠে বুলিয়ন। ফলে চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই সোনার দামেও তরতরিয়ে ঊর্ধ্বগতি দেখা যায়। আবার যখন বাজারে অনিশ্চয়তা কমে ধীরে ধীরে হলুদ ধাতুর দামে স্থিতিশীলতা বাড়তে শুরু করে।
আজ অর্থাৎ মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.২% কমে প্রতি আউন্স ৩৩২২.০৭ মার্কিন ডলার হয়েছে। আবার অন্যদিকে মার্কিন গোল্ড ফিউচারের দাম ০.৪% হ্রাস পেয়ে প্রতি আউন্স ৩৩৪১.৯০ ডলারে দাঁড়িয়েছে। আজ সকালের ট্রেডিংয়ের সময় আগস্টের গোল্ড ফিউচারের মূল্য ০.৮০% হ্রাস পেয়ে প্রতি দশ গ্রাম ৯৬৪০০ টাকা হয়েছে। এদিকে জুলাইয়ের সিলভার ফিউচারের দাম ০.৪৩% হ্রাস পেয়ে প্রতি কিলোগ্রাম হয়েছিল ১০৬৬৩০ টাকা।
অবশ্য আজ আন্তর্জাতিক বাজারে রুপোর দাম ছিল অপরিবর্তিত এবং স্থিতিশীল। স্পট সিলভারের মূল্য ছিল প্রতি আউন্সে ৩৬.৭২ মার্কিন ডলার । শুধু রূপো বা সোনা নয়, স্পট প্ল্যাটিনামের মূল্য ০.১% কমে প্রতি আউন্স হয়েছে ১২১৮.৪৯ মার্কিন ডলার । অপরদিকে স্পট প্যালাডিয়ামের মূল্য 0.2 শতাংশ ঊর্ধ্বগামী ছিলো। আজ এটির মূল্য ০.২% বৃদ্ধি পাওয়ার সাথে প্রতি আউন্স ১০৭৬.২২ মার্কিন ডলারে পৌঁছেছিল।




