Article By – সুনন্দা সেন

আজ সোনা ও রুপো-ভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ETF-এ বড় ধরনের বিক্রির চাপ লক্ষ করা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দাম বহু সপ্তাহের সর্বনিম্ন স্তরে নেমে যাওয়ায় ভারতের Gold ETF-গুলি ৩%-এর বেশি এবং সিলভার ETF-গুলি প্রায় ৫% পর্যন্ত হ্রাস পেয়েছে। এছাড়া আজ (১০জুন, ২০২৬) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড প্রাইস প্রায় ১০ সপ্তাহের সর্বনিম্ন স্তরে নেমে যায় এবং রুপোর দামেও তীব্র চাপের মুখে পড়ে। গত কয়েক দিনের পতনের ফলেই মূল্যবান দুই ধাতুর দামে বড় সংশোধন দেখা যাচ্ছে।
ভারতের বাজরে নিপ্পন ইন্ডিয়া Gold BeEs, ICICI প্রুডেন্টিয়াল গোল্ড ETF, SBI গোল্ড ETF এবং টাটা গোল্ড ETF সহ প্রায় সব বড় Gold ETF-গুলোই ৩% বা তার বেশি হারে কমেছে। অন্যদিকে SBI সিলভার ETF, নিপ্পন ইন্ডিয়া সিলভার ETF, ICICI প্রুডেন্টিয়াল সিলভার ETF ও টাটা সিলভার EFT প্রায় ৫% পর্যন্ত হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, স্বল্প মেয়াদে সোনা ও রুপোর বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে। তবে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য এই ধরনের পতন ধাপে ধাপে (Step by step) বিনিয়োগের সুযোগও তৈরি করতে পারে।
আর এই পতন নিয়ে বাজার বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হওয়ায় অপরিশোধিত তেলের দাম বেড়েছে। এর ফলে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির আশঙ্কা বাড়ছে এবং কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি সুদের হার দীর্ঘ সময় উঁচু রাখতে পারে বলে বিনিয়োগকারীরা মনে করছেন। সুদের হার বাড়ার সম্ভাবনা সাধারণত সোনা ও রুপোর মতো সুদবিহীন সম্পদের জন্য নেতিবাচক হিসেবে ধরা হয়। তাই আগামী দিনে মার্কিন মুদ্রাস্ফীতির তথ্য, ফেডের সুদনীতি এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতির উপরই মূল্যবান ধাতুর বাজারের পরবর্তী দিকনির্দেশ অনেকটাই নির্ভর করবে।




