Article By – সুনন্দা সেন

ভারতের শেয়ারবাজারে দীর্ঘদিনের IPO মন্দার মাঝেই বড় সুখবর আসতে পারে। মুকেশ আম্বানীর নেতৃত্বাধীন রিলায়েন্স জিও ইনফোকম (Reliance Jio Infocomm) আগামী কয়েক দিনের মধ্যেই তাদের বহু প্রতীক্ষিত IPO-এর জন্য খসড়া নথি (Draft Red Herring Prospectus) জমা দিতে পারে বলে জানা গেছে। আর এই IPO-এর মূল্য প্রায় ৪ বিলিয়ন ডলার বা ৩৪,০০০ কোটি টাকার বেশি হতে পারে। যা সফল হলে ভারতের ইতিহাসের অন্যতম বৃহত্তম IPO হতে পারে।
অবশ্য এখনও সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন ঘোষণা করা হয়নি। বাজার বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগকারীরা কোম্পানির মূল্যায়ন বা ভ্যালুয়েশন, আর্থিক ফলাফল এবং ইস্যুর মূল্য নির্ধারণের দিকে বিশেষ নজর রাখবেন। আর যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয় তাহলে জিওর IPO ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে ভারতের পুঁজিবাজারে নতুন গতি আনতে পারে এবং স্থগিত হয়ে থাকা আরও বড় বড় IPO-এর বাজারে আসার পথও খুলে দিতে পারে। যা এই বছরে পিছিয়ে থাকা IPO মার্কেটকে গতি দেবে।
বাজার বিশ্লেষকদের মতে, এই তালিকাভুক্তি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ ২০২৬ সালে ভারতের IPO বাজারে বড় ধাক্কা লেগেছে। পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক উত্তেজনা, তেলের দাম বৃদ্ধি, বিদেশি বিনিয়োগকারীদের বড় অঙ্কের অর্থ তুলে নেওয়া এবং বাজারের অস্থিরতার কারণে এ বছর IPO থেকে তহবিল বা ফান্ড সংগ্রহ গত বছরের তুলনায় প্রায় ৩৯% কমেছে। এমন পরিস্থিতিতে জিওর IPO বাজারে নতুন আস্থা ফিরিয়ে আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।




