Article By – সুনন্দা সেন

৩জুন, ২০২৫- এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে পণ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নেসলে ইন্ডিয়া আগামী বছরগুলিতে ভারতে প্রায় ৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে। প্রকাশিত প্রতিবেদন আরও বলা হয়েছে যে ব্যবসা এবং পরিচালনার বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে, কোম্পানিটি তার বিদ্যমান সমস্ত কারখানার সক্ষমতা, উৎপাদনশীলতা, নতুন পণ্য মার্কেটের বিনিয়োগ বৃদ্ধি এবং টেকসই উদ্যোগ বৃদ্ধির জন্য মূলধন ব্যয় পরিচালনা করার পরিকল্পনা করেছে। এদিকে FMCG প্রধান নেসলে ইন্ডিয়ার শেয়ারের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। কারণ তারা ঘোষণা করেছে যে বোর্ড ২৬ জুন, ২০২৫ তারিখে বোনাস শেয়ার ইস্যু করার প্রস্তাবের বিষয় বিবেচনা এবং অনুমোদন করবে।
আর এটি নেসলে ইন্ডিয়ার ইতিহাসে হবে প্রথম বোনাস ইস্যু। ফলস্বরূপ, কোম্পানির সিকিউরিটিজ সম্পর্কিত লেনদেনের জন্য ট্রেডিং উইন্ডো ১৯ জুন থেকে ২৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে। এর আগে FMCG মেজর ২০২৪ সালের জানুয়ারিতে একটি স্টক বিভাজন করেছিল। যেখানে তারা ১০ টাকার অভিহিত মূল্যের বা ফেস ভ্যালুর একটি শেয়ারকে ১ টাকার অভিহিত মূল্যের দশটি শেয়ারে বিভক্ত করেছিল। তবে বোনাস ইস্যু প্রথম বার ঘটবে। আর এই প্রস্তাবিত বোনাস ইস্যুটি সম্ভবত তারল্য বৃদ্ধি করবে এবং খুচরা বিনিয়োগকারীদের আরও অংশগ্রহনের জন্য আকর্ষণ করবে।
গত বছরের জানুয়ারিতে স্টক বিভাজনের পর নেসলে ইন্ডিয়া তার শেয়ারহোল্ডারদের পাঁচবার লভ্যাংশ দিয়েছে, যার মোট লভ্যাংশ প্রতি শেয়ারে ৪২.৫০ টাকা। আর গত পাঁচটি ট্রেডিং সেশনে নেসলে ইন্ডিয়ার শেয়ারের দাম ১.৯% কমেছে। গত এক মাসে শেয়ারের দাম এক শতাংশেরও বেশি কমেছে। তবে, FMCG জায়ান্টটি গত ছয় মাসে ৮% রিটার্ন দিয়েছে। নেসলে ইন্ডিয়ার শেয়ারের দাম গত এক বছরে ৮%-এরও বেশি কমেছে।
পাশাপাশি আরও জানা যাচ্ছে যে ২৩ জুন,২০২৫- এ ৩০টি শেয়ারের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স থেকে নেসলে ইন্ডিয়া এবং ইন্ডাসইন্ড ব্যাংককে সরিয়ে দেওয়া হবে। কারণ এটি সূচকের অর্ধ-বার্ষিক পুনর্গঠনের একটি অংশ হবে। আর উভয় স্টক ট্রেন্ট এবং ভারত ইলেকট্রনিক্স দ্বারা প্রতিস্থাপিত হবে। যা সম্প্রতি নিফটি৫০ সূচকে যুক্ত হওয়ার পর জনপ্রিয়তা অর্জন করেছে। নুভামা অল্টারনেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ রিসার্চের মতে, সেনসেক্স থেকে নেসলে ইন্ডিয়া বাদ পড়লে স্টক মার্কেট থেকে ২০৯ মিলিয়ন ডলারের বেশি অর্থ বেরিয়ে যাবে।




