Article By – সুনন্দা সেন

১৭ সেপ্টেম্বর ২০২৬ বা আজ থেকে খুলেছে বহু প্রতীক্ষিত NSE-এর মেগা IPO। প্রায় ২২,৫৬৯ কোটি টাকার এই ইস্যু সম্পূর্ণই OFS (Offer for Sale), অর্থাৎ IPO থেকে পাওয়া টাকা সরাসরি NSE-র ব্যবসায় ঢুকবে না, বরং বর্তমান শেয়ারহোল্ডাররা নিজেদের অংশ বিক্রি করবেন। প্রাইস ব্যান্ড রাখা হয়েছে ১,৭০০ টাকা থেকে ১,৭৮৫ টাকা, আর ন্যূনতম লট ৮টি শেয়ার। আজকের বাজারের ছবিটাও এখানে গুরুত্বপূর্ণ। মার্কিন ফেডের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত, অপরিশোধিত তেলের দাম এবং সাম্প্রতিক বাজারের অস্থিরতার কারণে ভারতীয় বাজারে সতর্কতা রয়েছে। আজ বিকেল পর্যন্ত নিফটি প্রায় ০.২৩% বেড়ে ২৩,২৭০-এর কাছাকাছি, অন্যদিকে সেনসেক্স প্রায় ০.০৩% কমে ৭৪,৩১৫-এর কাছাকাছি ছিল। অর্থাৎ বাজারে পুরোপুরি ঝুঁকি নেওয়ার পরিবেশ নেই।
এই পরিস্থিতিতে NSE IPO- এর সবচেয়ে বড় আকর্ষণ তার ব্যবসার আকার। NSE দেশের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ এবং ক্যাশ মার্কেট (cash market) ও ইক্যুইটি ডেরিভেটিভস (equity derivatives)- এর ক্ষেত্রে তার উল্লেখযোগ্য বাজার-অংশ রয়েছে। কিন্তু এখানেই রয়েছে বড় ঝুঁকিও। NSE-র আয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ ডেরিভেটিভ বা F&O ব্যবসার সঙ্গে যুক্ত। সাম্প্রতিক রেগুলেটরি পরিবর্তন এবং ডেরিভেটিভস ট্রেডিং ভলিউম কমে যাওয়ায় ভবিষ্যতের আয়ের প্রবৃদ্ধি (earnings growth) নিয়ে প্রশ্ন উঠেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, ডেলিভেটিস ভলিউম ২০২৪ সালের সর্বোচ্চ থেকে প্রায় ২৭% কমেছে এবং ২০২৫-২৬ অর্থবছরে NSE-এর রাজস্ব (revenue) ও লাভ (profit)-ও আগের বছরের তুলনায় কমেছে।
BSE ইতিমধ্যেই তালিকাভুক্ত কোম্পানি এবং সাম্প্রতিক সময়ে তার অপশনস বিজনেস দ্রুত বেড়েছে। আবার মিউচ্যুয়াল ফান্ড প্ল্যাটফর্মেও ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে BSE-এর রিপোর্টেড প্রফিট গ্রোথ (reported profit growth) ছিল ৬২%, যেখানে NSE- এর ছিল ৭%। যদিও এই তুলনায় ওয়ান অফ (one-off) এবং ব্যবসায়িক মিশ্রণ (business mix)-এর প্রভাব বিবেচনা করা জরুরি। তাই বিনিয়োগকারীদের ক্ষেত্রে মূল বিষয় শুধু “NSE বড় না BSE বড়”—তা নয়। NSE IPO-এর ১,৭৮৫ টাকার উচ্চ ব্র্যান্ডের ভ্যালুয়েশন, ডেরিভেটিভ ভবিষ্যৎ প্রবৃদ্ধি, রেগুলেটরি পরিবর্তন এবং সামগ্রিক বাজারের পরিস্থিতির মতো বিষয় একসঙ্গে দেখতে হবে। অন্যদিকে BSE-এর ক্ষেত্রে ইতিমধ্যেই মার্কেট প্রাইসের মধ্যে ভবিষ্যৎ প্রবৃদ্ধি কতটা প্রত্যাশা ধরা আছে, সেটিও গুরুত্বপূর্ণ।




