Article By – সুনন্দা সেন

টানা দ্বিতীয় দিনের মতো বিক্রির চাপে বৃহস্পতিবার অর্থাৎ আজ (২৭ আগস্ট,২০২৬) বড় পতনের মুখে পড়লো ভারতীয় শেয়ার বাজার। দিনের শেষে সেনসেক্স ৫৩৯.৩৫ পয়েন্ট বা ০.৭০% পড়ে ৭৬,৯৩৩.৫৯-এ বন্ধ হয়েছে। অন্যদিকে নিফটি ৫০ কমেছে ১১৬.৯০ পয়েন্ট বা ০.৪৮% নেমে এসেছে ২৪,০৯০.৮৫-এ। ফলে দুই প্রধান সূচকই প্রায় এক সপ্তাহের সর্বনিম্ন স্তরে গিয়ে দিন শেষ করেছে। আর ২৪,১০০-এর গুরুত্বপূর্ণ স্তরের নিচে নিফটির ক্লোজিং এবং সেনসেক্সের ৫৩৯ পয়েন্ট পতন বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা।
বাজারে এই পতনের অন্যতম বড় কারণ ছিল ভারী ওজনের HDFC Bank-এর শেয়ারে তীব্র চাপ। শেয়ারটি প্রায় ২% হ্রাস পায় এবং সেনসেক্সকে একাই প্রায় ১৯৪ পয়েন্টের লোকসানের মুখোমুখি হতে হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ক্লাস-অ্যাকশন মামলার খবর এবং ব্যাংকটির CEO-র মেয়াদ নবীকরণ নিয়ে অনিশ্চয়তাও বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে। অবশ্য শুধু ব্যাংকিং নয়, মেটাল, অটো, অয়েল অ্যান্ড গ্যাস, PSU ব্যাংক এবং FMCG-সহ একাধিক সেক্টরে বিক্রির চাপ দেখা যায়। হিন্দালকো ছিল বড় ক্ষতিগ্রস্ত শেয়ারগুলির মধ্যে একটি, আর মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাতেও চাপ দেখা যায়।
পাশাপশি বাজারের সম্প্রসারণও দুর্বল ছিল; আজ প্রায় ২,৩৯২টি শেয়ারের পতন হয়েছে, যেখানে ১,৭৩৬টি শেয়ার বেড়েছে। আর আজকের পতনের পেছনে মাসিক ডেরিভেটিভস এক্সপায়ারি, মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা এবং বিনিয়োগকারীদের সতর্ক মনোভাব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে বিশ্ববাজারের গতিবিধি, তেলের দাম এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে নজর থাকবে। তবে বাজারের জন্য কিছু ইতিবাচক দিকও রয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা নরম থাকায় ভারতের মূল্যস্ফীতি ও আমদানি ব্যয়ের ক্ষেত্রে স্বস্তির সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি কর্পোরেট আয়ের শক্তিশালী প্রবণতা এবং বিদেশি বিনিয়োগের মতো বিষয়গুলি বাজারকে কিছুটা সাপোর্ট দিতে পারে। এমন এক সময় আগামী সেশনে বাজার এই গুরুত্বপূর্ণ স্তর পুনরুদ্ধার করতে পারে কি না, সেটাই এখন নজরে থাকবে।




