Article By – সুনন্দা সেন

দেশের শেয়ার বাজারে আজ দেখা গেল শক্তিশালী প্রত্যাবর্তন। বিনিয়োগকারীদের আস্থা বাড়ার সঙ্গে সঙ্গে BSE (Bombay Stock Exchange) সেনসেক্স ১০০০ পয়েন্টের বেশি লাফ দিয়েছে, আর NSE (National Stock Exchange) সূচক নিফটি৫০ উঠে এসেছে ২৩,৩০০-এর উপরে। সকাল ১১:৩০ নাগাদ সেনসেক্স ১.৩৮% বা ১,০২৭.০২ পয়েন্ট বৃদ্ধির সাথে ৭৫,২৩৪.২৬-এ পৌঁছেছে এবং নিফটি ১.৪৫% বা ৩৩৪.৬৫ পয়েন্ট বেড়ে ২৩,৩৩৬.৮০-এ পৌঁছেছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই উত্থানের পেছনে একাধিক গুরুত্বপূর্ণ কারণ কাজ করছে। আর সেগুলি হল:
- গ্লোবাল মার্কেটের ইতিবাচক ইঙ্গিত: আমেরিকা ও এশিয়ার অন্যান্য বাজারে ইতিবাচক ট্রেন্ড দেখা গেছে। আর আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা ফিরে আসায় ভারতীয় বাজারেও তার প্রভাব পড়েছে।
- অপরিশোধিত তেলের দামে পতন: পশ্চিম এশিয়ার জ্বালানি অবকাঠামোর ওপর হামলার জেরে আগের সেশনে দাম বেড়ে ১১৯.১৩ মার্কিন ডলারে পৌঁছেছিল। তবে বর্তমানে ব্রেন্ট ক্রডের দাম ১.৬৩% কমে ব্যারেল প্রতি ১০৬.৯ মার্কিন ডলারে নেমে এসেছে। যার প্রভাব ভারতীয় শেয়ার বাজারেও পড়েছে।
- বিদেশী বিনিয়োগকারীদের ক্রয়: সম্প্রতি সময়ে বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আবার ভারতীয় বাজারে বিনিয়োগ বাড়িয়েছে। আর এই মূলধন প্রবাহ বাজারকে শক্তিশালী করেছে।
- কর্পোরেট পারফর্ম্যান্সে আশাবাদ: বড় কোম্পানিগুলির ভালো ফলাফলের প্রত্যাশা এবং অর্থনীতির স্থিতিশীলতা বাজারে ইতিবাচক মনোভাব তৈরি করেছে।
- ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের র্যালি: ব্যাংকিং ও আর্থিক খাতের বড় বড় শেয়ারগুলিতে জোরালো ক্রয় পূনরায় লক্ষ্য করা যাচ্ছে। যা বাজারকে উপরে তুলতে বড় ভূমিকা নিয়েছে।
- ভলিটাইল সূচকে পতন: বাজারে VIX প্রায় ৩% কমে ২২.১৪-তে নেমে এসেছে। আর এর নিম্নমান অস্থিরতার প্রত্যাশা হ্রাসের ইঙ্গিত দেয় এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়ে শেয়ার বাজারকে সমর্থন করতে সাহায্য করে।
- গভর্মেন্ট পলিসি এবং স্থিতিশীলতা: সরকারি নীতি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা ভারতীয় শেয়ার বাজারে সমর্থন করছে।




