Article By – আস্তিক ঘোষ

টাটা গ্রুপের আরেকটি কোম্পানি Tata Projects আগামী 12 থেকে 18 মাসের মধ্যে তালিকাভুক্ত হতে পারে। এই ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন (EPC) কোম্পানির গত আর্থিক বছরে 81.97 কোটি টাকার নেট লাভ হয়েছে। টাটা সন্স হল টাটা প্রোজেক্টের প্রধান শেয়ারহোল্ডার। টাটা সন্স বর্তমানে কোম্পানির 57.31 শতাংশ শেয়ারের মালিক।
টাটা প্রজেক্টস -এর অন্য শেয়ারহোল্ডারদের মধ্যে রয়েছে টাটা পাওয়ার (30.81 শতাংশ), টাটা কেমিক্যালস (6.16 শতাংশ), ভোল্টাস (4.30 শতাংশ) এবং টাটা ইন্ডাস্ট্রিজ (1.42 শতাংশ)। গত বছর টাটা গ্রুপের কোম্পানি টাটা টেকনোলজিস তালিকাভুক্ত হয়েছিল। 19 বছরে এটি ছিল টাটা গ্রুপের প্রথম IPO। এর আগে 2004 সালে TCS তালিকাভুক্ত হয়।
টাটা প্রজেক্টের এমডি এবং সিইও বিনায়ক পাই বলেছেন যে কোম্পানির লক্ষ্য 12-18 মাসের মধ্যে আর্থিক ভাবে আরও শক্তিশালী হয়ে ওঠা। এই কোম্পানির বড় প্রকল্পগুলির মধ্যে রয়েছে নতুন সংসদ ভবন এবং মুম্বাইয়ের অটল সেতু। কোম্পানির 20 শতাংশেরও বেশি প্রকল্প টাটা গ্রুপের কোম্পানি TCS, Tata Power, Indian Hotels, Tata Steel এবং Tata Electronics এর সাথে সম্পর্কিত।
বিনায়ক পাই বলেন, কোম্পানি সেমিকন্ডাক্টর, গ্রিন এনার্জি, সৌর, ডেটা সেন্টার এবং সবুজ জ্বালানির মতো ক্ষেত্রগুলিতে মনোযোগ দেবে। রেটিং ফার্ম CRISIL অনুসারে, জুন 2024 পর্যন্ত টাটা প্রজেক্টের অর্ডার বুক প্রায় 44,000 কোটি টাকা ছিল। 31 শে মার্চ শেষ হওয়া আর্থিক বছরে, কোম্পানিটি 17,761 কোটি টাকা আয় এবং 81.97 কোটি নেট লাভ অর্জন করেছে। তবে আগের বছর কোম্পানিটি 855.65 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছিল।




