Article By – সুনন্দা সেন

ভারতের শেয়ার বাজারে আজ বড় ধস নেমেছে। সোমবার সকালে বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই ১২ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগকারীদের সম্পদ উধাও হয়ে যায়। বাজারে ব্যাপক বিক্রির চাপে BSE Sensex প্রায় ২,৪০০ পয়েন্ট পর্যন্ত পড়ে যায় এবং Nifty 50 নেমে আসে ২৩,৮০০-এর নিচে। এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশেষজ্ঞদের মতে, একাধিক আন্তর্জাতিক ও অর্থনৈতিক কারণ মিলেই আজকের এই বড় ধস দেখা গেছে। আর সেগুলি হলো;
- প্রথম বড় কারণ হলো মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। ইরানকে ঘিরে সংঘাত আরও তীব্র হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ করেই ১০০ ডলারের ওপরে উঠে গেছে। তেলের দাম বেড়ে গেলে ভারতের মতো আমদানিনির্ভর দেশের অর্থনীতিতে চাপ পড়ে এবং বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করতে শুরু করেন।
- দ্বিতীয় কারণ হলো তেল পরিবহণের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ Strait of Hormuz ঘিরে অনিশ্চয়তা। বিশ্বের প্রায় ২০% তেল এই পথ দিয়ে পরিবহণ হয়। যুদ্ধের কারণে এই রুটে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা বাড়ছে। এর প্রভাব সরাসরি পড়ছে বিশ্ব অর্থনীতিতে।
- তৃতীয় বড় কারণ হলো ভারতীয় মুদ্রার দুর্বলতা। তেলের দাম বাড়ার ফলে ডলারের চাহিদা বেড়েছে এবং তার প্রভাব পড়েছে রুপির ওপর। ভারতীয় রুপি ডলারের বিপরীতে ৯২ টাকার কাছাকাছি নেমে গেছে, যা বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বাড়িয়েছে।
- চতুর্থ কারণ হলো বিদেশি বিনিয়োগকারীদের বড় মাপের বিক্রি। বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাম্প্রতিক সময়ে ভারতীয় শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন। মার্চ মাসের শুরুতেই প্রায় ২১ হাজার কোটির বেশি টাকা তারা বাজার থেকে তুলে নিয়েছেন বা রিডিম করেছে বলে জানা গেছে।
- পঞ্চম কারণ হিসেবে উঠে এসেছে বিশ্ব বাজারের দুর্বলতা। এশিয়ার অনেক বড় শেয়ার বাজার যেমন জাপানের নিক্কেই এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচকেও বড় পতন দেখা গেছে। এর প্রভাব ভারতের বাজারেও পড়েছে।
- ষষ্ঠ কারণ হলো সুদের হার এবং বন্ড ইল্ড বৃদ্ধি। আন্তর্জাতিক বাজারে সরকারি বন্ডের রিটার্ন বেড়ে যাওয়ায় অনেক বিনিয়োগকারী শেয়ার বাজার থেকে টাকা সরিয়ে তুলনামূলক নিরাপদ বিনিয়োগে চলে যাচ্ছেন। এর ফলে শেয়ার বাজারে বিক্রির চাপ বাড়ছে।




