Article By – সুনন্দা সেন

আজ (২৫মে, ২০২৬) ভারতীয় শেয়ার বাজারে দেখা গেল শক্তিশালী উত্থান। আজ BSE সূচক সেনসেক্স প্রায় ১,০৭৪ পয়েন্ট বৃদ্ধির সাথে ৭৬,৪৮০-এর ওপরের এক স্থানে লেনদেন শেষ করেছে। যেখানে NSE সূচক নিফটি৫০ আবার ২৪,০০০-এর গন্ডি পার করেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমা আমেরিকা-ইরানের শক্তি চুক্তির উপর আশাবাদী এবং বিদেশী বিনিয়োগকারীদের আগ্রহ ফের বাজারে এই বড় র্যালি লক্ষ্য করা যাচ্ছে। আজ সবচেয়ে বেশি লাভ করেছে ব্যাংকিং ও ফিনান্সিয়াল সেক্টরে স্টক। HDFC ব্যাংক, ICICI ব্যাংকের মতো বড় শেয়ারে জোরদার ট্রেডিং দেখা গেছে।
পাশাপাশি ভারতীয় টাকাও ডলারের তুলনায় কিছুটা শক্তিশালী হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ক্রুড অয়েলের দাম কমে যাওয়ায় ভারতের অর্থনীতির ওপর চাপ কিছুটা কমেছে এবং সেই ইতিবাচক প্রভাব বাজারে পড়েছে। তবে এই উত্থানের মাঝেই বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর; এই সপ্তাহে বৃহস্পতিবার অর্থাৎ ২৮ মে, বকরি ঈদ উপলক্ষে বন্ধ থাকবে BSE (Bombay Stock Exchange) এবং NSE (National Stock Exchange of India)। সেদিন ইক্যুইটি, ডেরিভেটিভস ও কারেন্সি মার্কেটে কোনও ট্রেডিং হবে না।
বিশেষজ্ঞদের মতে, বাজারে এই বড় উত্থানের পিছনে সবচেয়ে বড় কারণ হল আমেরিকা ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির আশা। আর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৫%- এর বেশি কমেছে। ভারত যেহেতু বড় তেল আমদানিকারক দেশ, তাই তেলের দাম কমায় বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বেড়েছে। সাথে বাজার বিশ্লেষকদের মতে, ছুটির আগে আরও কিছুটা ভোলাটিলিটি দেখা যেতে পারে। তাই যাঁদের ওপেন পজিশন রয়েছে, তাঁদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এখন বিনিয়োগকারীদের নজর থাকবে আন্তর্জাতিক তেলের দাম, বিদেশি বিনিয়োগকারীদের পদক্ষেপ এবং RBI-এর পরবর্তী অবস্থানের দিকে।




