Article By – সুনন্দা সেন

আগামীকাল ২৫ ডিসেম্বর (বুধবার), সারা দেশে পালিত হবে ক্রিসমাস ডে, আর সেই কারণে ভারতীয় আর্থিক বাজারে থাকবে পূর্ণ ছুটি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) এবং বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE), অর্থাৎ দুই এক্সচেঞ্জেই আগামীকাল কোনও ধরনের ট্রেডিং হবে না। এক্সচেঞ্জের ঘোষিত ছুটির তালিকা অনুযায়ী, ইক্যুইটি মার্কেট, ইক্যুইটি ডেরিভেটিভস, কারেন্সি সেগমেন্ট এবং ডেবট বা বন্ড মার্কেট সবই বন্ধ থাকবে। এমনকি ফিউচার-অপশন লেনদেন বা সরকারি-বেসরকারি বন্ডের ট্রেডিং—কোনও কিছুই চালু থাকবে না।
প্রতি বছরই ২৫ ডিসেম্বর আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ উৎসব হওয়ায় ভারতীয় শেয়ারবাজারে এই দিনটি নির্ধারিত ট্রেডিং হলিডে হিসেবে ধরা হয়। বাজার বিশেষজ্ঞদের মতে, বছরের শেষের দিকে এমন ছুটির কারণে অনেক সময় লেনদেনের পরিমাণ আগের ও পরের দিনে বেশি ওঠানামা করে। বিশেষ করে যারা স্বল্পমেয়াদি ট্রেডিং বা ডেরিভেটিভস মার্কেটে সক্রিয়, তাঁদের জন্য ছুটির দিন মাথায় রেখে আগাম পরিকল্পনা করা জরুরি। পাশাপশি বছরের শেষ ও নতুন বছরের শুরুতে বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেটের বিষয়ও জানিয়েছেন তারা।
৩১ ডিসেম্বর ২০২৫ (বুধবার) ভারতীয় শেয়ারবাজারে কোনও ছুটি নেই। ফলে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) ও বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE)—দু’টিই স্বাভাবিক নিয়মে খোলা থাকবে। এই দিনে ইক্যুইটি শেয়ার, ইক্যুইটি ডেরিভেটিভস, কারেন্সি সেগমেন্ট এবং ডেবট বা বন্ড মার্কেটে নিয়মিত লেনদেন চলবে। তবে ১ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) নতুন বছরের দিন হওয়ায় ভারতীয় শেয়ারবাজারে থাকবে পূর্ণ ছুটি। এক্সচেঞ্জের হলিডে ক্যালেন্ডার অনুযায়ী এই দিনে NSE ও BSE-র সব সেগমেন্টে ট্রেডিং বন্ধ থাকবে। অর্থাৎ ইক্যুইটি, ডেরিভেটিভস, কারেন্সি এবং ডেবট মার্কেটে কোনও লেনদেন হবে না।
তবে বিনিয়োগকারীরা চাইলে এই দিনে After Market Order (AMO) দিতে পারবেন, যা কার্যকর হবে পরবর্তী ট্রেডিং ডেতে। বাজার বিশ্লেষকদের মতে, নতুন বছরের ছুটির আগে ও পরে আন্তর্জাতিক বাজারের ট্রেন্ড, বিদেশি বিনিয়োগকারীদের অবস্থান এবং ম্যাক্রো অর্থনৈতিক ইঙ্গিতের প্রভাব ঘরোয়া বাজারে পড়তে পারে। তাই বছরের শেষ ট্রেডিং ডে অর্থাৎ ৩১ ডিসেম্বরের বাজার গতিবিধি বিশেষভাবে নজরে রাখছেন বিনিয়োগকারীরা।




