Article By – সুনন্দা সেন

শেয়ার বাজারে আবারও লক্ষ্যনীয় হয়েছে অস্থিরতা। টানা কয়েক সেশনে দুই প্রধান সূচকের বৃদ্ধির পর আজ দেখা গেলো অন্যরকম অবস্থা। প্রাথমিক সেশনে গ্রিন জোনে থাকলেও দুপুরের সেশনে দুই রকম অবস্থায় ট্রেড করতে দেখা গেলো Sensex (সেনসেক্স) এবং Nifty (নিফটি) – কে। চলতি সপ্তাহে ব্যাংক নিফটি সূচকটিতেও দুর্দান্ত পারফর্ম্যান্স লক্ষ্যণীয় হয়েছে। আর সেই বৃদ্ধি আজও অব্যাহত রয়েছে। আগামী দিনে সূচকটি নিয়ে বড়ো সংবাদ শোনালেন বিশেষজ্ঞ মহলের এক অংশ। কী হতে চলেছে আগামী দিনের ব্যাংক নিফটি সূচকের পারফরম্যান্স?
জানিয়ে রাখা ভালো যে আজ অর্থাৎ বুধবার (২১ আগস্ট) – এর দুপুরের ট্রেন্ডিং সেশনে বম্বে স্টক এক্সচেঞ্জ সূচক সেনসেক্স ০.০২৪% বা ১৯.৬২ পয়েন্ট হ্রাস পেয়ে ৮০,৭৮৩.২৪- এ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সূচক নিফটি ০.১৩% বা ৩২.৩০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২৪,৭৩১.১৫- এ লেনদেন করছে। অন্যদিকে বৃদ্ধি পেয়েছে নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০। দুপুরের সেশনে নিফটি মিডক্যাপ ১০০ প্রায় ০.৩১% বৃদ্ধি পেয়ে ৫৮,৪২৭.৮৫- এ এবং নিফটি স্মলক্যাপ ১০০ প্রায় ১.০৬% বৃদ্ধি পেয়ে ১৯,০৪০.৫৫- এ লেনদেন করেছে। পাশাপাশি বৃদ্ধি দেখা গেছে ব্যাংক নিফটি সূচকের।
সম্প্রতি HDFC Securities –এর বিশেষজ্ঞ বিনয় রজনী এক সাক্ষাৎকারে বলেছেন, গত চারটি ট্রেডিং সেশন ধরে নিফটিতে ধারাবাহিকভাবে বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ১ আগস্ট, ২০২৪ সূচকটি এটির সর্বকালীন উচ্চতা ২৫,০৭৮ – পৌঁছে ছিলো। তবে অবস্থানটি ধরে রাখতে পারেনি। বর্তমানে নিফটি সূচকগুলির জন্যে বাজার বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। তিনি জানান যে, ব্যাংক নিফটি সূচকটিকেও বর্তমানে খুব শক্তিশালী মনে হচ্ছে। আর আশা করা যাচ্ছে যে, এমন অবস্থান থেকে পরবর্তী তিন থেকে চারটি ট্রেডিং সেশনে ব্যাংক নিফটি প্রায় ১০০০ পয়েন্ট বৃদ্ধি পেতে পারে।
অবশ্য কেবল বিনয় রজনী নয় বাজারে উপস্থিত অধিকাংশ বিশেষজ্ঞদের মতে, আগামী সপ্তাহের প্রথম দিকেই সূচকটির জন্য পরবর্তী প্রতিরোধের স্তর হতে চলেছে ৫১,৯০০ থেকে ৫২,০০০ পয়েন্ট। বৃদ্ধি লক্ষ্যণীয় হওয়ার প্রত্যাশা করার সাথে এই সূচকের স্টকে বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি অপশান পছন্দ করতে বলেছেন তাঁরা। কিন্তু আজ ব্যাংক নিফটি সূচকটি দুপুরের ট্রেডিং সেশনে ০.৫৪% হ্রাস পেয়ে ৫০,৫৩০.৮৫ পয়েন্টে ট্রেড করেছে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]





