Article By – সুনন্দা সেন

আজকের বড় অর্থনৈতিক খবরে কেন্দ্রে রয়েছে Fino Payments Bank। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) ঘোষণা করেছে যে তারা Fino- কে Small Finance Bank (SFB) হিসেবে রূপান্তরের জন্য “in-principle approval” প্রদান করেছে। এটাই দেশের ইতিহাসে প্রথমবার, যখন কোনও পেমেন্টস ব্যাংককে SFB হওয়ার অনুমতি দেওয়া হল। এই সিদ্ধান্ত ভারতীয় ব্যাংকিং সেক্টরে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ফিনো এতদিন শুধুমাত্র সীমিত ডিপোজিট গ্রহণ ও পেমেন্ট–রেমিট্যান্স পরিষেবার ওপর ভিত্তি করে কাজ করত। পেমেন্টস ব্যাংকের নিয়ম অনুযায়ী তারা গ্রাহকদের লোন দিতে পারত না এবং বড় অংকের আমানত গ্রহণেরও অনুমতি ছিল না। কিন্তু আজকের RBI-এর নির্দেশনার পর, সমস্ত শর্ত পূরণ হলে ফিনো এখন পূর্ণাঙ্গ ব্যাংকিং পরিষেবা চালু করার পথে এগোতে পারবে।
এর ফলে, ভবিষ্যতে ফিনো সেভিংস ও ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট, ব্যক্তিগত ও ক্ষুদ্র ব্যবসার জন্য লোন, MSME ও মাইক্রো-ক্রেডিট সার্ভিস, এমনকি কিছু ক্ষেত্রে হাউজিং ফাইন্যান্স–এর মতো পরিষেবাও দিতে সক্ষম হবে। এটি তাদের ব্যবসার পরিসরকে ব্যাপকভাবে বাড়িয়ে তুলবে। বিশেষজ্ঞদের মতে, ফিনোর এই রূপান্তর ভারতের আর্থিক অন্তর্ভুক্তির যাত্রায় নতুন গতি আনবে। বর্তমানে ফিনো দেশের অসংখ্য জেলায় ছোট দোকানদার, ক্ষুদ্র ব্যবসা ও সাধারণ গ্রাহকদের জন্য পেমেন্ট সার্ভিস প্রদান করে। এখন তারা SFB হিসেবে ক্রেডিট–অ্যাক্সেস আরও সহজ করতে পারবে, যা গ্রামীণ ও শহরতলির অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
RBI জানিয়েছে যে, SFB হওয়ার জন্য ফিনোকে এখন নির্দিষ্ট কিছু মানদণ্ড পূরণ করতে হবে—যেমন পর্যাপ্ত মূলধন সংগ্রহ, কমপ্লায়েন্স ও রেগুলেটরি মান বজায় রাখা, “ফিট অ্যান্ড প্রপার” শর্ত পূরণ করা, এবং ব্রাঞ্চ বিস্তারের পরিকল্পনা দাখিল করা। এই সমস্ত শর্ত পূরণ ও পর্যালোচনা শেষ হলে, ব্যাংকটিকে চূড়ান্ত লাইসেন্স দেওয়া হবে। এদিকে এই সিদ্ধান্ত ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতা বাড়াবে বলে মনে করা হচ্ছে। পেমেন্টস ব্যাংক হিসাবে কাজ করা আরও কয়েকটি সংস্থা; যেমন Airtel Payments Bank বা Paytm Payments Bank—এই ঘটনার দিকে নজর রাখবে। যদি ফিনোর রূপান্তর সফল হয়, তবে অন্যদের জন্যও এটি একই পথে হাঁটার উৎসাহ দিতে পারে। পেমেন্টস ব্যাংক থেকে SFB হওয়া মানে ব্যবসার কাঠামো ও আয়ের ধরন পুরোপুরি বদলে যাওয়া। শুধু ফি-ভিত্তিক পরিষেবা নয়, এখন ফিনো সুদ-ভিত্তিক আয়ও করতে পারবে।




