Article By – সুনন্দা সেন

ডিসেম্বর, ২০২৪-এ নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রা দায়িত্ব নেওয়ার পর থেকে গত চার মাসে চ্যালেঞ্জিং তরলতা বা লিক্যুইডিটির পরিস্থিতি মোকাবিলায় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI ব্যাংকিং ব্যবস্থায় প্রায় ৪৩.২১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে। RBI-এর তথ্য অনুসারে, এই ফান্ডগুলি বিভিন্ন বিকল্পের মিশ্রনের মাধ্যমে বিনিয়োগ করা হয়েছিল। যেমন: ১৬.৩৮ লক্ষ কোটি টাকার নর্মাল ভ্যারিয়েবেল রেট রেপো বা RR নিলাম, ২৫.৭৯ লক্ষ কোটি টাকার দৈনিক VRR, ৬০,০২০ কোটি টাকার সরকারি সিকিউরিটিজের ওপেন মার্কেট অপারেশন বা OMO ক্রয় এবং প্রায় ৪৫,০০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় স্যোয়েপ (Swap) নিলাম।
১১ ডিসেম্বর, ২০২৪-এ মালহোত্রা RBI গভর্নরের দায়িত্ব গ্রহণ করেন। ঠিক যখন ট্যাক্স আউটফ্লো, সরকারের সীমিত ব্যয় এবং রুপিকে সমর্থন করার জন্য বৈদেশিক মুদ্রা বাজারে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাপক হস্তক্ষেপের কারণে তরলতা হ্রাস পেতে শুরু করে। RBI-এর তথ্য অনুসারে, ১৬ ডিসেম্বর থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে ব্যাংকিং ব্যবস্থায় তরলতা ঘাটতি নির্দিষ্ট কিছু দিনে ৩০,০০০ কোটি টাকা থেকে বেড়ে ৩ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। মালহোত্রা বলেছেন যে কেন্দ্রীয় ব্যাংক রাতারাতি এবং টেকসই তরলতার দিক থেকে ব্যাংকিং ব্যবস্থায় যতটা প্রয়োজন ততটা তরলতা সরবরাহ করবে।
নগদ ঘাটতি ১৬ ডিসেম্বরের পরে আরও বৃদ্ধি পায়। আর এই ঘাটতির ফলে রাতারাতি মানি মার্কেটের হারের উপর চাপ পড়ে, যা RBI-এর রেপো রেটের উপরে ট্রেড হয়। তারল্য ঘাটতি শুরু হওয়া থেকে মানি রেটের ওয়েটেড এভারেজ ৬.৬% থেকে ৬.৭৪%-এর মধ্যে রয়েছে। RBI কর্তৃক গৃহীত পদক্ষেপগুলি রাতারাতি সুদের হার বা কল মানি রেটের বৃদ্ধি রোধ করেছে। তবে এটি এখনও রেপো রেটের চেয়ে কিছুটা বেশি রয়েছে। তবে ৭ফেব্রুয়ারি পোস্ট পলিসি কনফারেন্সে মালহোত্রা ঘাটতির বিষয় বেশকিছু পদক্ষেপ গ্রহণের কথা জানান। আর আশ্বস্ত করে যে এগুলি সমস্যার সমাধানে সাহায্য করবে।




