Article By – সুনন্দা সেন

ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) পেটিএম পেমেন্টস ব্যাংকের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। যা দেশের ডিজিটাল ব্যাংকিং খাতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। এই সিদ্ধান্তের ফলে পেটিএম পেমেন্টস ব্যাংক এখন আর নতুনভাবে ব্যাংকিং কার্যক্রম চালাতে পারবে না এবং ধাপে ধাপে তার কার্যক্রম বন্ধের পথে যাবে। তবে সাধারণ গ্রাহকদের জন্য সবচেয়ে বড় প্রশ্ন হলো পেটিএম ব্যবহার করে UP, লেনদেন কী বন্ধ হয়ে যাবে? আর ডিজিটাল অর্থনীতির এই গুরুত্বপূর্ণ পরিবর্তন আগামী দিনে ভারতের ফিনটেক খাতকে কীভাবে প্রভাবিত করবে সেটাই এখন দেখার বিষয়।
বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ ব্যবহারকরীর ক্ষেত্রে দৈনন্দিন UPI পরিষেবায় বড় কোনো প্রভাব পড়বে না। ভারতের ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন (NPCI)-এর অধীনে UPI ব্যবস্থা পরিচালিত হয়, যা একটি একক ব্যাংকের উপর নির্ভরশীল নয়। তাই পেটিএম (Paytm) অ্যাপের মাধ্যমে যদি কেউ অন্য ব্যাংকের (SBI, ICICI, HDFC ইত্যাদি) সাথে UPI যুক্ত করে থাকেন, তাহলে তাদের লেনদেন স্বাভাবিকভাবেই চলবে। তবে যেসব গ্রাহকদের টাকা বা লেনদেন সরাসরি পেটিএম পেমেন্টস ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ছিল, তাদের জন্য কিছু পরিবর্তন আসবে।
এটা প্রথম নয়, RBI আগে থেকেই পেটিএম পেমেন্টস ব্যাংকের উপর বিভিন্ন সীমাবদ্ধতা আরোপ করেছিল। ফলে এই নতুন সিদ্ধান্তকে অনেকেই পূর্ববর্তী নিয়ন্ত্রক পদক্ষেপেই চূড়ান্ত ধাপ হিসেবে দেখছেন। নিয়ন্ত্রক সংস্থার মতে, আর্থিক স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। অন্যদিকে, গ্রাহকদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হলেও অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় এটি বড় ধরনের সংকট তৈরি করবে না। বরং এটি দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী এবং নিয়ন্ত্রিত ব্যাংকিং ব্যবস্থার দিকে ইঙ্গিত দিচ্ছে।




