Article By – সুনন্দা সেন

সরকার NCAER-এর ডিরেক্টর জেনারেল (মহাপরিচালক) পুনম গুপ্তাকে তিন বছরের জন্য RBI-এর ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত করেছে। জানুয়ারি, ২০২৫-এ MD Patra (এমডি পাত্র) পদত্যাগ করার পর RBI-এর ডেপুটি গভর্নরের পদটি শূণ্য হয়ে যায়। সম্প্রতি সংবাদ সংস্থা PTI জানিয়েছে, ক্যাবিনেটের নিয়োগ কমিটি বা ACC (Appointments Committee of the Cabinet) পুনম গুপ্তাকে RBI-এর ডেপুটি গভর্নর হিসাবে তিন বছরের জন্য নিয়োগের অনুমোদন দিয়েছে, যা তার যোগদানের বা জয়েন করার তারিখ থেকে কার্যকর হবে।
পুনম গুপ্তা বর্তমানে ভারতের বৃহত্তম অর্থনৈতিক পলিসি থিঙ্ক ট্যাঙ্ক NCAER বা ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চের ডিরেক্টর জেনারেল। তিনি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ (Advisory Council) এবং ১৬তম অর্থকমিশনের উপদেষ্টা পরিষদের কনভিনার হিসাবেও কাজ করেন। ২০২১ সালে NCAER-এ যোগদানের আগে তিনি ওয়াশিংটন ডিসিতে IMF এবং বিশ্বব্যাংকের সিনিয়র পদে প্রায় দুই দশক কাটিয়েছেন। এছাড়া তিনি মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে শিক্ষকতা করেছেন এবং দিল্লির ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা ISI-এ ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গুপ্তা ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফাইন্যান্স অ্যান্ড পলিসি (NIPFP)-তে RBI চেয়ার প্রফেসর এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশন্স বা ICRIER-এ অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে আরও জানা যাচ্ছে যে তিনি আমেরিকার মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং PHD ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি দিল্লি বিশ্ববিদ্যালয়ের দিল্লি স্কুল অফ ইকোনমিক্স থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ১৯৯৮ সালে, আন্তর্জাতিক অর্থনীতিতে PHD গবেষণার জন্য তিনি এক্সিম ব্যাংক পুরস্কার লাভ করেন।




