Article By – সুনন্দা সেন

ভারতের দ্রুত পরিবর্তনশীল FMCG মার্কেটে বড় চমক এনে দিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রির জনপ্রিয় সফ্ট ড্রিংকস ব্র্যান্ড ক্যাম্পা (Campa)। সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী, আম্বানি অধীনস্থ ক্যাম্পার বার্ষিক বিক্রি পৌঁছে গেছে প্রায় ৪,৭০০ কোটি টাকাতে, যার ফলে এটি এখন ভারতের চতুর্থ বৃহত্তম সফট ড্রিংকস প্লেয়ার হিসেবে উঠে এসেছে। মাত্র কয়েক বছর আগে বাজারে নতুনভাবে আত্মপ্রকাশ করা ক্যাম্পা এত দ্রুত এই সাফল্য পাবে, তা অনেকেই কল্পনা করেননি।
বিশেষজ্ঞরা বলছেন, এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় কারণ রিলিন্সের আক্রমণাত্মক ব্যবসায়িক কৌশল। আর সেগুলি হলো,
- প্রথমত, ক্যাম্পা খুব কম দামে পণ্য বাজারে এনে সাধারণ গ্রাহকদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। যেখানে কোকা কোলা (Coca-Cola) এবং পেপসিকো (PepsiCo)-এর মতো আন্তর্জাতিক ব্র্যান্ড তুলনামূলক বেশি দামে পণ্য বিক্রি করে, সেখানে ক্যাম্পা কম দামে একই ধরনের বিকল্প দিয়ে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে।
- দ্বিতীয়ত, রিলায়েন্সের বিশাল রিটেল নেটওয়ার্ক ক্যাম্পার সাফল্যে বড় ভূমিকা নিয়েছে। দেশের লাখ লাখ দোকানে সহজেই এই পণ্য পৌঁছে যাচ্ছে, যার ফলে গ্রাহকদের কাছে এটি সহজলভ্য হয়ে উঠেছে।
- তৃতীয়ত, শক্তিশালী মার্কেটিং ও প্রচার কৌশল ক্যাম্পাকে আরও এগিয়ে নিয়ে গেছে। IPL ও অন্যান্য বড় ইভেন্টে বিজ্ঞাপন, ডিজিটাল প্রচার এবং ব্র্যান্ডিং ক্যাম্পাকে দ্রুত পরিচিতি এনে দিয়েছে।
এই সাফল্যের ফলে ভারতের সফট ড্রিংকস বাজারে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। এতদিন ধরে এই বাজার মূলত কোকাকোলা ও পেপসিকোর দখলে ছিল। কিন্তু এখন ক্যাম্পার উত্থান এই দুই সংস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ক্যাম্পার এই দ্রুত বৃদ্ধি ভবিষ্যতে বাজারের প্রতিযোগিতা আরও বাড়াবে এবং গ্রাহকরা কম দামে আরও বেশি বিকল্প পেতে পারেন। এছাড়াও, রিলায়েন্সের বৃহত্তর পরিকল্পনার দিক থেকেও এই সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোম্পানিটি আগামী কয়েক বছরে তাদের FMCG ব্যবসাকে আরও বড় করে তোলার লক্ষ্য নিয়েছে, যেখানে ক্যাম্পা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।




