Article By – আস্তিক ঘোষ

ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনিদের মধ্যে বিরোধের অবসান ঘটাতে সংসদে ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল পেশ করল সরকার। এই বিল অনুসারে, একজন বা দুজন নয় একসঙ্গে চারজনকে নিজের অ্যাকাউন্টে নমিনি হিসেবে রাখতে পারবেন অ্যাকাউন্ট হোল্ডাররা। প্রকৃতপক্ষে, 1970 এবং 1980-এর দশকে দম্পতির তিন বা চারটি সন্তান হওয়া স্বাভাবিক ব্যাপার হিসেবেই গণ্য করা হত। বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনি হিসেবে কোন ছেলের নাম রাখা হবে, সেই নিয়ে ঘরে ঘরে বিবাদ প্রকাশ্যে আসে অনেক সময়। এবার এমন সমস্যার নিষ্পত্তি ঘটাতে বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কেন্দ্র সরকার।
এতদিন পর্যন্ত একাধিক নমিনি রাখার কোনও আইন ছিল না। তাই গতকালই সংসদে একটি সংশোধনী বিল পেশ করা হয়েছে। সেই বিল অনুযায়ী অ্যাকাউন্টধারীরা এখন তাদের অ্যাকাউন্টে চারজন নমিনির নাম নিবন্ধন করতে পারবেন। 9 আগস্ট, 2024 শুক্রবার লোকসভায় ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল 2024 পেশ করেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। তাতেই অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য চারজন নমিনি ব্যক্তির নাম রাখার অধিকার দেওয়ার বিধান দেওয়া হয়েছে।
এখন যে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টধারী নিজের অ্যাকাউন্টে চারজন মনোনীত ব্যক্তির নাম ঘোষণা করতে পারবেন। সেক্ষেত্রে, অ্যাকাউন্টধারীর মৃত্যুর পর, অ্যাকাউন্টে জমা হওয়া সমস্ত অর্থের দাবিদার হবেন ওই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকা নমিনিরা। ব্যাঙ্কিং রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 1949-এর ধারা 45ZA-তে পরিবর্তনগুলি প্রস্তাব করা হয়েছে৷ এই প্রস্তাব অনুযায়ী, ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীরা এখন একের বেশি এবং সর্বোচ্চ চারজন নমিনি রাখতে পারবেন। বিল অনুযায়ী, অ্যাকাউন্টধারীরা 4 জনের বেশি মনোনীত ব্যক্তির নাম ঘোষণা করতে পারবেন না।
সর্বাধিক 4 জন নমিনি রাখার পাশাপাশি, অ্যাকাউন্ট হোল্ডারকে প্রত্যেক নমিনির নামের বিপরীতে তিনি যে পরিমাণ অর্থ জমা করবেন তার অনুপাতও ঘোষণা করতে হবে। অ্যাকাউন্টে জমা হওয়া সম্পূর্ণ অর্থের জন্য নমিনির নাম দিতে হবে। যদি কোনও নমিনির ব্যাঙ্কিং কোম্পানীতে জমা করা অর্থ পাওয়ার আগেই মৃত্যু হয়, সেক্ষেত্রে সেই অবস্থায় ওই নমিনির মনোনয়ন বাতিল করা হবে।





