Article By – সুনন্দা সেন

সম্প্রতি RBI জানিয়েছে যে ভারতের বেসরকারী খাতের মূলধন ব্যয় ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় বৃদ্ধি পাবে। ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাহিদা, উন্নত কর্পোরেট মুনাফা, অব্যাহত ক্রেডিট চাহিদা, ব্যবসায়িক উন্নতি এবং অবকাঠামো উন্নয়নে সরকারের মনোনিবেশের কারণে বেসরকারি খাতে এই উল্লেখযোগ্য বৃদ্ধি দেখতে পাওয়া যাবে। এর পাশাপাশি RBI আরোও জানিয়েছে যে, ইতিবাচক বিনিয়োগ পরিবেশ রয়েছে যা আগামী বছরগুলিতে বেসরকারি খাতের বিনিয়োগ বৃদ্ধির জন্য একটি অনুকূল পরিবেশ তৈরিতে সাহায্য করছে।
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দ্বারা প্রকাশিত সমীক্ষা অনুসারে বেসরকারি খাতের মূলধন ব্যয় একবছরে ৫৪% বৃদ্ধি পাবে। যা ২০২৩-২৪ সালে ১.৫৯ লক্ষ কোটি টাকা ছিল। তা ২০২৪-২৫ সালে ২.৪৫ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। আর এই বিশ্লেষণটি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির দ্বারা অনুমোদিত প্রকল্পগুলির উপর ভিত্তি করে প্রকাশ করা হয়। এছাড়াও জানা যাচ্ছে যে, ২০২৪ অর্থবছরে বেসরকারী কর্পোরেট সেক্টরের মোট মূলধন বিনিয়োগ বিভিন্ন তহবিল চ্যানেল জুড়ে ৪.০৩ লক্ষ কোটি টাকা দাঁড়িয়েছে। যা আগের বছরের পরিকল্পিত ক্যাপেক্সের তুলনায় ৫৬.৬% বেশি।
অনুমান করা হয়েছে পরিকল্পিত মূলধন বিনিয়োগ ২০২৩-২৪ সালের ১.১৭ লক্ষ কোটি টাকা থেকে ২০২৪-২৫ সালে ১.৬৮ লক্ষ কোটি টাকায় উন্নীত হবে। আর RBI- এর এই প্রত্যাশিত বৃদ্ধি বহিরাগত বাণিজ্যিক ঋণ বা ECBs (External Commercial Borrowings) এবং ডোমেস্টিক ইক্যুইটি ইস্যুর মাধ্যমে তহবিল সংগ্রহের সম্ভাবনা থেকে আসছে। এছাড়া RBI- এর এই ঘোষণাটি বিনিয়োগের উদ্দেশ্যগুলির স্কেল এবং বিতরণকেও তুলে ধরছে। ২০২৪ অর্থবছরে ক্যাপেক্স উদ্দেশ্যে ৪৩৮ টি বেসরকারি কোম্পানি ECB- এর মাধ্যমে ১.৬৮ লক্ষ্য কোটি এবং ১২৩টি কোম্পানি প্রাথমিক পাবলিক অফারিং বা IPO- এর মাধ্যমে ৬,৩১০ কোটি টাকা সংগ্রহ করে।
সামগ্রিক ভাবে দেখা যাচ্ছে চলতি বছরে ১,৫০৫টি শুরু হওয়া প্রকল্পের জন্য রেকর্ড বিনিয়োগ মোট ৫.৬৬ লক্ষ কোটি টাকা হবে। যা আগের বছরে ৯৮২ টি প্রকল্পের জন্য ৩.৫১ লক্ষ কোটি টাকা ছিল। অবকাঠামো খাত (বিশেষ করে রাস্তা ও সেতু) এবং বিদ্যুৎ খাত প্রকল্পের মোট ব্যয়ের সবচেয়ে বড় অংশের জন্য দায়ী।





