Article By – সুনন্দা সেন

দেশের আর্থিক বাজারের নজরকাড়া ঘটনা—RBI-এর মনিটারি পলিসি কমিটি বা MPC-র ডিসেম্বর বৈঠকে এসেছে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। টানা মুদ্রাস্ফীতি কমে যাওয়া এবং অর্থনীতির শক্তিশালী গতির প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংক রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৫.২৫% করেছে। তিন দিন ধরে চলা বৈঠকের শেষে গভর্নর সঞ্জয় মালহোত্রা আজ সকাল ১০টায় এই ঘোষণা করেন। সাথে RBI জানিয়েছে, দেশের খুচরো মূল্যস্ফীতি সাম্প্রতিক মাসগুলোতে রেকর্ড নিম্ন পর্যায়ে নেমেছে। অক্টোবরে হেডলাইন CPI ছিল ০.২৫%, যা নীতিনির্ধারকদের সুদের বোঝা হালকা করার সুযোগ দিয়েছে।
সেই সঙ্গে অর্থনীতি এখনও শক্তিশালী অবস্থায় রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে GDP বৃদ্ধি ছিল ৮.২%, যা প্রত্যাশার থেকেও বেশি। ফলত RBI তাদের নতুন পূর্বাভাসে চলতি অর্থবছরের বৃদ্ধির সম্ভাবনা বাড়িয়ে ৭.৩% করেছে এবং মূল্যস্ফীতির পূর্বাভাস নামিয়ে ২% করেছে। তবে RBI সতর্ক করে দিয়েছে যে গ্লোবাল অনিশ্চয়তা, ডলারের শক্তি এবং রুপির ঝুঁকি এখনও মাথাব্যথার কারণ। তাই এখনই আগ্রাসী রেট-কাটের পথে হাঁটা হবে না। তবুও বর্তমান পরিস্থিতিকে কেন্দ্রীয় ব্যাংক “একটি বিরল গোল্ডিলক্স পর্ব”, অর্থাৎ কম মুদ্রাস্ফীতি এবং ভালো বৃদ্ধির যুগলবন্দি বলে ব্যাখ্যা করেছে।
রেট কাট এবং অন্যান্য বিষয়ের সাথে লেনদেন স্বাভাবিক ও তারল্য মজবুত রাখতে RBI ঘোষণা করেছে দুইটি বড় ব্যবস্থা:
- ১ লক্ষ কোটি টাকার সরকারি বন্ড কেনার জন্য OMO।
- ৫ বিলিয়ন ডলারের রুপি-ডলার সুয়াপ, যা বাজারে টেকসই তারল্য যোগ করবে।
নীতিগত অবস্থান এখনও “নিরপেক্ষ”, অর্থাৎ ভবিষ্যত সুদনীতি সম্পূর্ণ নির্ভর করবে মুদ্রাস্ফীতি, বিনিময় হার এবং বৈশ্বিক পরিস্থিতির ওপর।




