Article By – সুনন্দা সেন

১এপ্রিল, ২০২৫ থেকে মিউচ্যুয়াল ফান্ড, UPI লেনদেন সহ GST-এর ক্ষেত্রেও দেশবাসী পরিবর্তনের সম্মুখীন হবে। তবে সরকার ২৮ মার্চ, ২০২৫ জানিয়েছে যে, ১ এপ্রিল, ২০২৫ থেকে শুরু হওয়া অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে টানা পঞ্চম প্রান্তিকের জন্য স্মল সেভিংস স্কিমের সুদের হার অপরিবর্তিত থাকবে। প্রকল্পগুলির তালিকায় বিশেষ ভাবে উল্লেখিত রয়েছে PPF (পাবলিক প্রভিডেন্ট ফান্ড) এবং NSC-এর নাম।
অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ত্রৈমাসিক (এপ্রিল-জুন)-এর জন্য বিভিন্ন স্মল সেভিংস স্কিম বা ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার অপরিবর্তিত থাকবে। যা ২০২৪-২৫ অর্থবছরে শেষ ত্রৈমাসিকের জন্য বিজ্ঞপিত হার ছিল তা থেকে অপরিবর্তিত থাকবে। বিজ্ঞপ্তি অনুসারে, সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে আওতায় ডিপোজিটের সুদের হার ৮.২%। যেখানে তিন বছরের মেয়াদী ডিপোজিটের সুদের হার চলতি প্রান্তিকে ৭.১%-এ বিদ্যমান থাকবে। জনপ্রিয় PPF এবং পোস্ট অফিস সেভিংস ডিপোজিট স্কিমের সুদের হার যথাক্রমে ৭.১% এবং ৪% থাকবে। এছাড়া কিষাণ বিকাশ পত্র (KVP) এবং NSC-এর সুদের হার যথাক্রমে ৭.৫% এবং ৭.৭%-এ বহাল থাকবে।
বর্তমান ত্রৈমাসিকে মতো মান্থলি ইনকাম স্কিমটি বিনিয়োগকারীদের ৭.৪% হারে সুদ প্রদান করবে। এর ফলে মূলত পোস্ট অফিস এবং ব্যাংক দ্বারা পরিচালিত স্মল সেভিংস স্কিমের সুদের হার টানা পঞ্চম প্রান্তিকে জন্য অপরিবর্তিত রাখা হয়েছে। ভারতের কেন্দ্র সরকার ২০২৩-২৪ অর্থবছরের শেষ ত্রৈমাসিকে কিছু প্রকল্পে পরিবর্তন আনার পর আর কোনও পরিবর্তন হয়নি। তবে নিয়ম অনুসারে সরকার প্রতি ত্রৈমাসিক বা প্রান্তিকে স্মল সেভিংস স্কিম (SSS)-এর সুদের হার ঘোষণা করে।




