Article By – আস্তিক ঘোষ

টপ-আপ হোম লোনের সাম্প্রতিক বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। টপ-আপ হোম লোন দেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্কগুলোকে অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। ব্যাঙ্ক থেকে হোম লোন নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগের জন্য মানুষ ঋণের টাকা ব্যবহার করছে বলে মত RBI এর। তাই নিয়ন্ত্রক ব্যাঙ্কগুলিকে সতর্ক থাকার পাশাপাশি, টপ-আপ হোম লোন দেওয়ার ক্ষেত্রে সত্যিই সেই উদ্দেশ্যেই লোন নেওয়া হচ্ছে কিনা তা যাচাই করতে নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
মনিটারি পলিসি কমিটির বৈঠকে বক্তৃতা দিতে গিয়ে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেন, “তৃতীয় যে সমস্যাটি আমাদের দৃষ্টি আকর্ষণ করছে তা হল হোম ইক্যুইটি লোন বা টপ-আপ হাউজিং লোন। ভারতে এই লোন নেওয়ার পরিমাণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ব্যাঙ্ক এবং এনবিএফসিগুলি গোল্ড লোনের মতো অন্যান্য ঋণেও টপ-আপ ঋণ দিচ্ছে। কিছু প্রতিষ্ঠান ঋণ-টু-মূল্য (LTV) অনুপাত, ঝুঁকির পরিমাণ এবং তহবিল ব্যবহারের নিরীক্ষণ সম্পর্কিত নিয়ন্ত্রক নিয়মগুলি কঠোরভাবে অনুসরণ না করেই লোন দিচ্ছে। তাই ব্যাঙ্ক এবং এনবিএফসিগুলিকে এই জাতীয় বিষয়গুলি পর্যালোচনা করার এবং সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।”
উদাহরণস্বরূপ, আপনি যদি 80% এলটিভিতে 50 লাখ টাকার সম্পত্তিতে 40 লাখ টাকার হোম লোন নিয়ে থাকেন এবং পরবর্তী 3 বছরে দাম বেড়ে 70 লাখ টাকা হয়ে যায়, তাহলে আপনার ঋণ নেওয়ার যোগ্যতা হবে 80% এলটিভি 56 লক্ষ টাকা। সুতরাং, টপ-আপ হোম লোন হিসাবে 16 লাখ টাকার অতিরিক্ত ঋণ নিতে অনুমতি পাবেন আপনি। যদি ঋণগ্রহীতা প্রাথমিকভাবে সম্পূর্ণ এলটিভি লোন না নিয়ে থাকেন, তবে তিনি অবশিষ্ট পরিমাণ টপ-আপ হিসেবেও নিতে পারেন।
সাধারণত, টপ-আপ হোম লোন দেওয়া হয় বাড়ির সংস্কার এবং আপগ্রেডেশনের জন্য। ইতিমধ্যেই হোম লোন নিয়ে থাকলেই টপ আপ হোম লোন দেওয়া হয়। আইসিআইসিআই ব্যাঙ্ক নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, “এই ঋণ আপনার বাড়ি সাজানোর জন্য, আপনার বাড়ির সংস্কার করতে এবং এমনকি ব্যক্তিগত খরচের জন্য ব্যবহার করা যেতে পারে।”





