Article By – সুনন্দা সেন

ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন চমক প্রদান করা UPI (Unified Payments Interface)-এর পথচলার ১০ বছর পূর্ণ হয়েছে। ২০১৬ সালে মাত্র ২১টি ব্যাংককে নিয়ে শুরু হওয়া UPI আজ দেশের দৈনন্দিন লেনদেনের অন্যতম প্রধান মাধ্যম। এক দশকে UPI-এর ব্যবহার যে গতিতে বেছেছে, তার পরিসংখ্যানই সেই পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ। ২০১৬-১৭ অর্থবছরে UPI-এর মাধ্যমে সারা বছরে মাত্র ১.৭৮ কোটি লেনদেন হয়েছিল। কিন্তু ২০২৫-২৬ অর্থবছরে সেই সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ২৪,১৬২ কোটি। অর্থাৎ গত ১০ বছরে UPI-এর যাত্রা ভারতের ডিজিটাল অর্থনীতির অন্যতম বড় সাফল্যের গল্প।
এক দশকে UPI লেনদেনের সংখ্যা বেড়েছে প্রায় ১৩ হাজার গুণ। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৬৬ কোটি UPI লেনদেন হচ্ছে। শুধু লেনদেনের সংখ্যা নয়, টাকার অঙ্কেও এসেছে বিশাল বৃদ্ধি। UPI চালুর প্রথম অর্থবছরে মোট লেনদেনের মূল্য ছিল মাত্র ৭,০০০ কোটি টাকা, অর্থাৎ ০.০৭ লক্ষ কোটি টাকা। আর ২০২৫-২৬ অর্থবছরে সেই মূল্য বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩১৪ লক্ষ কোটি টাকা। অর্থাৎ এক দশকে UPI-এর মাধ্যমে লেনদেনের আর্থিক মূল্য বেড়েছে কয়েক হাজার গুণ। UPI ভারতীয়দের টাকা লেনদেনের অভ্যাসকে অনেকটাই বদলে দিয়েছে।
এই বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে UPI-এর সঙ্গে যুক্ত ব্যাংকের সংখ্যাও। শুরুতে যেখানে মাত্র ২১টি ব্যাংক UPI পরিষেবায় ছিল, সেখানে জুলাই, ২০২৬-এ লাইভ ব্যাংকের সংখ্যা বেড়ে ৭৪১-এ পৌঁছেছে। এছাড়া UPI এখন শুধু বড় অঙ্কের টাকা পাঠানোর মাধ্যম নয়। চায়ের দোকান থেকে শুরো করে শপিংমল, রেস্টুরেন্ট, ট্যাক্সি, অনলাইন শপিং; প্রায় সর্বত্রই QR কোড স্ক্যান করে কয়েক সেকেন্ডে পেমেন্ট করা যাচ্ছে। এর ফলে নগদ টাকার উপর নির্ভরতা যেমন কমেছে, তেমনই ছোট ব্যবসা ও সাধারণ নাগরিকদের জন্য ডিজিটাল লেনদেনও আরও সহজ হয়েছে।
২০২৬ সালেও UPI একের পর এক নতুন রেকর্ড তৈরি করেছে। মে মাসে প্রথমবারের মতো এক মাসে UPI লেনদেন ২,৩০০ কোটি টাকা অতিক্রম করেছে। এরপর জুলাই মাসে আরও বড় রেকর্ড লেনদেন দেখা যায়। সাথে ওই মাসে মোট ২,৩৬৬ কোটি লেনদেন হয়েছে, যার সম্মিলিত মূল্য বা মোট লেনদেন মূল্য প্রায় ২৯.৮৮ লক্ষ কোটি টাকা। এছাড়া বর্তমানে UPI-এর প্রভাব ভারতের সীমানার মধ্যেও সীমাবদ্ধ নেই। বর্তমানে একাধিক দেশে UPI ভিত্তিক পেমেন্ট ব্যবস্থা চালু হয়েছে এবং ভারত আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট পরিকাঠামোর ক্ষেত্রেও নিজের প্রভাব বাড়াচ্ছে। ২০২৫ সালে বিশ্বের রিয়েল-টাইম পেমেন্ট লেনদেনের প্রায় ৪৯% UPI-এর মাধ্যমে হয়েছে।




