Article By – সুনন্দা সেন

ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আবারও রেকর্ড গড়ল UPI (Unified Payments Interface)। ২০২৬ সালের মে মাসে প্রথমবারের মতো মাসিক UPI লেনদেনের সংখ্যা ২৩ বিলিয়ন বা ২,৩০০ কোটির গন্ডি পার করেছে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI-এ দ্বারা প্রকাশিত তথ্য অনুযায়ী, মে মাসে UPI-এর মাধ্যমে মোট ২৩.২ বিলিয়ন লেনদেন সম্পন্ন হয়েছে। শুধু লেনদেনের সংখ্যাই নয়। মোট লেনদেন মূল্যও পৌঁছেছে প্রায় ২৯.৯০ লক্ষ কোটি টাকায়। যা এপ্রিলে ২৯.০৩ লক্ষ কোটি টাকা ছিল।
বিশেষজ্ঞদের মতে, গ্রীষ্মকালীন ভ্রমণ, IPL, ২০২৬-এর ক্রেড এবং উৎসব পরবর্তী কেনাকাটার কারণে ডিজিটাল পেমেন্টে বড় উত্থান দেখা গেছে। প্রতিদিন গড়ে প্রায় ৭৪৮ মিলিয়ন UPI লেনদেন সম্পন্ন হয়েছে। যা বিশ্বের অন্যতম বড় রিয়েল টাইম পেমেন্ট নেটওয়ার্ক হিসেবে ভারতের অবস্থান আরও শক্তিশালী করেছে। শুরুর দিকে UPI দেশের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন আন্তর্জাতিক বাজারে নিজের পরিষেবা দ্রুত বিস্তার করেছে।
প্রকাশিত রিপোর্ট বলছে, সংযুক্ত আরব আমিরাত (UAE), সিঙ্গাপুর, ফ্রান্স, নেপাল, ভুটান, মরিশাস, শ্রীলঙ্কা ও কাতারসহ একাধিক দেশে UPI পরিষেবা চালু হয়েছে। আর এই বিস্তার ও উদ্যোগের দ্বারা ভারতের পেমেন্ট প্রযুক্তি বর্তমানে বৈশ্বিক মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। মাত্র এক দশকের মধ্যে UPI ভারতের অর্থনীতির দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। চায়ের দোকান থেকে বড় শপিং মল—সব জায়গায় QR স্ক্যান করে পেমেন্ট এখন স্বাভাবিক অভ্যাস। মে মাসের এই ২৩.২ বিলিয়ন লেনদেন শুধু একটি পরিসংখ্যান নয়, বরং ভারতের দ্রুত পরিবর্তিত ডিজিটাল অর্থনীতির শক্তিশালী প্রতিচ্ছবি।




