Article By – সুনন্দা সেন

ভারতের ব্যাংকিং খাতে আজ একটি গুরুত্বপূর্ণ প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে, যেখানে বড় বাণিজ্যিক ব্যাংকগুলো ধাপে ধাপে তাদের স্থায়ী আমানতের (FD) সুদের হার কমাচ্ছে, ঠিক তার উল্টোদিকে স্মল ফাইন্যান্স ব্যাংকগুলো (Small Finance Banks বা SFBs) এখনও প্রায় ৮% বা তার বেশি সুদ দিচ্ছে। যা আমানতকারীদের কাছে বড় আকর্ষণ হয়ে উঠতে পারে। আমানতকারীরা এখন নিশ্চিত রিটার্নের দিকে ঝুঁকছেন, বিশেষ করে যখন রুপির দুর্বলতা, বাজারে অস্থিরতা এবং RBI-র সম্ভাব্য রেট-কাটের জল্পনা জোরদার হচ্ছে। এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন যে ভবিষ্যতে সুদের হার আরও নেমে যেতে পারে, তাই উচ্চ রেটে এখনই FD লক-ইন করতে চাইছেন।
Suryoday Small Finance Bank, Jana SFB, Ujjivan SFB এবং Equitas SFB-র মতো ব্যাংকগুলো বর্তমানে ৭.৭৫% থেকে ৮.২৫%-এর মধ্যে আকর্ষণীয় সুদ দিচ্ছে, আর কিছু ক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের জন্য হার আরও বেশি। Suryoday SFB ইতিমধ্যেই ৫ বছরের আমানতে প্রায় ৮% সুদ অফার করছে, যা বাজারে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। রিপোর্ট বলছে, গ্রাহকরা ব্যাপকভাবে তাদের সেভিংস অ্যাকাউন্টের টাকা সরিয়ে FF লং-টেনর FD-তে রাখছেন। আর উচ্চ মানের সুদের হার অফার করার কারণ হলো:
- লোকজন সাধারণত SBI, HDFC, ICICI-এর মতো বড় ব্যাংকেই টাকা রাখে। তাই SFB-গুলো উচ্চ সুদ দিয়ে নতুন গ্রাহক আকর্ষণ করে।
- গ্রাহকের দৃষ্টিতে ছোট ব্যাংক তুলনামূলক ঝুঁকিপূর্ণ মনে হতে পারে। তাই উচ্চ সুদ দিয়ে সেই ঝুঁকির জন্য ‘কমপেনসেশন’ দেয়।
- বড় ব্যাংকের মতো স্মাল ফাইন্যান্স ব্যাংকগুলোর বিপুল গ্রাহক নেই। তাই FD সুদ বাড়িয়ে সঞ্চয় সংগ্রহ করে।
- সুদের হার ভবিষ্যতে কমে যেতে পারে,এমন অনুমান থাকায় অনেকেই এখনই উচ্চ রেটে FD খুলছেন।ফলে ব্যাংকগুলো প্রতিযোগিতায় রেট ধরে রাখছে।




