Article By – আস্তিক ঘোষ

অ্যাভিয়েশন এবং প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যবসা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে আদানি গ্রুপ। জলপথে এবং স্থলপথে ব্যবসা করার পর এবার আকাশের দিকে পাখির চোখ আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির। বিমান ও প্রতিরক্ষা খাতে পদার্পণ করতে চলেছেন তিনি। তাই এবার তিনি কানাডিয়ান কোম্পানি বোম্বার্ডিয়ারের সঙ্গে হাত মেলাতে পারেন বলে খবর। বিমান এবং ট্রেন তৈরি করে বোম্বার্ডিয়া। বোম্বার্ডিয়ারের সিইও এরিক মার্টেলের সঙ্গে বৈঠক করেছেন গৌতম আদানি। বৈঠকে ভারতের বিমান চালনায় সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে উভয়ের মধ্যে একটি সম্ভাব্য অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়েছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে এই বিষয়ে একটি পোস্ট করেছেন গৌতম আদানি। আদানির সোশ্যাল মিডিয়া পোস্ট অনুসারে, বিমান পরিষেবা, রক্ষণাবেক্ষণ, মেরামত, প্রতিরক্ষা নিয়ে দুজনের মধ্যে একটি বৈঠক হয়েছে। তিনি লিখেছেন,“ভারতের বিমান চালনা বৃদ্ধিকে শক্তিশালী করতে বিমান পরিষেবা, MRO এবং প্রতিরক্ষায় অংশীদারিত্বের বিষয়ে বোম্বার্ডিয়ারের সিইও এরিক মার্টেলের সঙ্গে একটি কার্যকরী আলোচনা হয়েছে। শক্তিশালী এবং স্বনির্ভর ভারতের জন্য আমরা একমত হয়েছি”।
ভারতের প্রতিরক্ষা ও বিমান চলাচল সেক্টরে বড় ভূমিকা গ্রহণ করেছে আদানি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস। দিনে দিনে এই ব্যবসা আরও প্রসারিত হচ্ছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় অংশীদারদের সঙ্গে একটি নেটওয়ার্ক তৈরি করেছে কোম্পানিটি। উন্নত প্রযুক্তিতে প্রচুর বিনিয়োগ করেছে আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস।




