Article By – আস্তিক ঘোষ

দেশীয় ব্যাঙ্ক এবং NBFC-এর ঋণের বোঝা দেশের তৃতীয় বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান আদানি গ্রুপের উপর। গ্রুপের মোট ঋণে তাদের অংশ পৌঁছেছে 36 শতাংশে। 2023-24 সালে আদানি গ্রুপের কোম্পানিগুলিতে তার এক্সপোজার প্রায় 500 বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। আদানি গ্রুপের কিছু কোম্পানির মূলধন ব্যয়ের কারণে বৃদ্ধি পেয়েছে এই ঋণের পরিমাণ।
2024 31 মার্চ পর্যন্ত, আদানি গ্রুপের মোট ঋণ ছিল 2,41,394 কোটি টাকা। এর মধ্যে এটি ভারতীয় ব্যাঙ্ক এবং NBFC থেকে 88,100 কোটি টাকা নিয়েছে এই গ্রুপ। 2023 সালের 31 মার্চ পর্যন্ত, এই পরিমাণ ছিল 70,213 কোটি টাকা। এটি ছিল গ্রুপের তৎকালীন 2,27,248 কোটি টাকার মোট ঋণের 31 শতাংশ।
সূত্রের খবর, স্টেট ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানারা ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক সহ অনেক ব্যাঙ্ক আদানি গ্রুপের ঋণের পরিমাণ বাড়িয়েছে। যদিও এর পরিপ্রেক্ষিতে ব্যাঙ্কগুলির তরফে কোনও কিছু জানানো হয়নি। বিমানবন্দর ও গ্রিন এনার্জি ব্যবসায় মূলধন ব্যয়ের কারণে ঋণ বেড়েছে আদানি গ্রুপের।
দেশীয় পুঁজি বাজার থেকে গোষ্ঠীর ঋণ গত আর্থিক বছরে 2024 সালের মার্চ পর্যন্ত 12,404 কোটি টাকা বেড়েছে। এক বছর আগে এই পরিমাণ ছিল 11,562 কোটি টাকা। কিন্তু বৈশ্বিক ব্যাঙ্কগুলি থেকে নেওয়া ঋণ এক বছর আগে 63,781 কোটি টাকা থেকে মার্চের শেষে 63,296 কোটিতে এসে দাঁড়িয়েছে অর্থাৎ সামান্য হ্রাস পেয়েছে। এই সময়ের মধ্যে, গ্লোবাল ক্যাপিটাল মার্কেটস থেকে নেওয়া গ্রুপের ঋণও 72,794 কোটি টাকা থেকে 69,019 কোটি টাকায় এসে দাঁড়িয়েছে।





