Article By – আস্তিক ঘোষ

বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে এফএমসিজি কোম্পানি ডাবর ইন্ডিয়া। মূলত নিত্যদিনের গৃহস্থালী সামগ্রী তৈরি করে এই কোম্পানি। এবার দক্ষিণ ভারতে প্রথম কারখানা স্থাপন করতে চলেছে ডাবর। তামিলনাড়ুতে এই নতুন কারখানা স্থাপন করা হবে বলে খবর। 135 কোটি টাকার বিনিয়োগ করা হবে প্রাথমিক ভাবে। আগামী পাঁচ বছরে এই বিনিয়োগ বাড়িয়ে 400 কোটি টাকা করার পরিকল্পনা করেছে কোম্পানি। ডাবরকে দক্ষিণ ভারতে ব্যবসা সম্প্রসারণে সাহায্য করবে এই নতুন কারখানা।
কারখানা থেকে ডাবর লাল টুথপেস্ট, ওডোনিল এবং মধুর মতো বিখ্যাত ব্র্যান্ডের পণ্য তৈরি করবে। বৃহস্পতিবার তামিলনাড়ু সরকারের সঙ্গে এই প্রকল্পের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে ডাবর। তাই বলাই বাহুল্য, আগামী দিনে সরাসরি প্রতিদ্বন্দ্বীতা হবে ডাবর এবং বাবা রামদেবের পতঞ্জলির মধ্যে। পতঞ্জলিকেও সম্প্রসারণ কৌশল নিয়ে ভাবতে বাধ্য করবে ডাবরের এই পদক্ষেপ।
ইতিমধ্যেই ভারতে 14 টি জায়গায় কারখানা চালাচ্ছে ডাবর। কিন্তু এখনও পর্যন্ত এর বেশিরভাগ ব্যবসা উত্তর ভারতেই। গত বছর ডাবর মধ্যপ্রদেশে তার সবচেয়ে বড় কারখানা শুরু করে। এতে 550 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।
ডাবরের সিইও মোহিত মালহোত্রা জানান, এই নতুন বিনিয়োগের মাধ্যমে দক্ষিণ ভারতে তার পণ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সক্ষম হবে ডাবর। ডাবরের গ্লোবাল হেড অফ অপারেশন রাহুল অবস্থির মতে, “আমরা তামিলনাড়ুতে আমাদের কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। যাতে আমরা আমাদের গ্রাহকদের কাছাকাছি আসতে পারি। এটি তামিলনাড়ুর কৃষকদের কাছ থেকে সরাসরি পণ্য ক্রয় করতে আমাদের সাহায্য করবে।”
জুন ত্রৈমাসিকে ডাবরের একত্রিত নিট মুনাফা 8 শতাংশ বেড়ে 500 কোটি টাকা হয়েছে৷ এই সময়ের মধ্যে, কোম্পানির আয় 7 শতাংশ বৃদ্ধি পেয়ে 3,349 কোটি টাকা হয়েছে। 2023-24 আর্থিক বছরে, কোম্পানির রাজস্ব ছিল 12,404 কোটি টাকা এবং নিট মুনাফা ছিল 1,843 কোটি টাকা।
বাড়ি এবং ব্যক্তিগত যত্নের সঙ্গে খাদ্য, পানীয় এবং স্বাস্থ্যসেবা পণ্যও বিক্রি করে ডাবর। এর বিখ্যাত ব্র্যান্ডের মধ্যে রয়েছে মেসওয়াক টুথপেস্ট, ডাবর মধু, আমলা হেয়ার অয়েল এবং রিয়েল ফ্রুট ড্রিংকস। বাজারে সমস্ত কোম্পানির পণ্য এবং পরিষেবাগুলির মধ্যে ডাবরের কাছে সবচেয়ে বড় প্রতিদ্বন্দি বাবা রামদেবের পতঞ্জলি।





