এবার অবসরের পরিকল্পনা শুরু করলেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। 62 বছর বয়সী গৌতম আদানি জানান, তিনি তাঁর 70 বছর বয়সে এসে নিজের পদ থেকে অব্যাহতি নেবেন। পাশাপাশি 2030 এর দশকের শুরুতে, তিনি নিজের সাম্রাজ্য তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করবেন। ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন আদানি। পরিবারের কোন সদস্যদের হাতে তিনি তাঁর ব্যবসা তুলে দেবেন, সে কথাও সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।
আদানি গ্রুপের সংস্থাগুলির অংশীদারিত্ব উত্তরাধিকারীদের কাছে হস্তান্তর করা হবে একটি গোপনীয় চুক্তির মাধ্যমে। বর্তমানে আদানি গ্রুপের সাম্রাজ্য 213 বিলিয়ন ডলারের বেশি। ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে, গৌতম আদানি যখন অবসর গ্রহণ করবেন, তখন আদানি গ্রুপের উত্তরসূরি থাকবেন চারজন। নিজের ছেলে ছাড়াও পারিবারিক ট্রাস্টের সমান সুবিধাভোগী হবেন তাঁর খুড়তুতো ভাই প্রণব ও সাগরও। আদানি গ্রুপের ওয়েবসাইট অনুসারে, গৌতম আদানির বড় ছেলে করণ আদানি বর্তমানে আদানি পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন। তাঁর ছোট ছেলে জিৎ আদানি আদানি বিমানবন্দরের পরিচালক। আদানি এন্টারপ্রাইজের ডিরেক্টর হলেন প্রণব আদানি এবং সাগর আদানি আদানি গ্রিন এনার্জির এক্সিকিউটিভ ডিরেক্টর।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, চেয়ারম্যান হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন প্রণব এবং করণ। এক সাক্ষাৎকারে গৌতম আদানি বলেন, “ব্যবসার স্থিতিশীলতার জন্য উত্তরাধিকার খুবই গুরুত্বপূর্ণ। আমি এই বিকল্পটি দ্বিতীয় প্রজন্মের কাছে রেখেছি, কারণ পরিবর্তন প্রকৃতির নিয়ম।ধীরে ধীরে এবং খুব নিয়মতান্ত্রিক ভাবে পরিবর্তন হয়।” অপরদিকে, আদানির সন্তানরা ব্লুমবার্গকে অন্য এক সাক্ষাৎকারে জানান, আদানি পিছিয়ে গেলেও কোনও সংকট বা কোনও বড় কৌশলগত পদক্ষেপ গ্রহনের ক্ষেত্রে যৌথ সিদ্ধান্তই নেওয়া হবে।
Article By – আস্তিক ঘোষ






