Article By – আস্তিক ঘোষ

আরেকটি নতুন কোম্পানি চালু করতে চলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। এই কোম্পানির নাম Jio Finance Platform and Service Limited। এটি Jio Financial Services Limited-এর একটি সহযোগী সংস্থা। গত 15 অগাস্ট NBFC বিভাগের মাধ্যমে এই কোম্পানি গঠনের ঘোষণা করেছে দেশের বৃহত্তম কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এই উদ্যোগে স্টক ব্রোকিং এবং ওয়েলথ ম্যানেজমেন্ট শিল্পে প্রবেশের সুযোগ দেবে কোম্পানিটিকে।
Jio Finance Platform and Services Limited গঠনের মাধ্যমে আর্থিক পরিষেবার পোর্টফোলিও সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। 15 অগাস্ট এই কোম্পানির জন্য ইনকর্পোরেটেড সার্টিফিকেট জারি করেছে কর্পোরেট বিষয়ক মন্ত্রক। কোম্পানি ফাইলিং অনুযায়ী, প্রোমোটার, প্রোমোটার গ্রুপ এবং গ্রুপ কোম্পানি লেনদেনে কোনো অংশীদারিত্ব নেই। এছাড়াও, এতে কোনো সংশ্লিষ্ট পক্ষের লেনদেন অন্তর্ভুক্ত নয়।
এই ঘোষণাটি অনুযায়ী, ফিনান্সিয়াল প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তার উপস্থিতি আরও প্রসারিত করতে চায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। কোম্পানির এই পদক্ষেপ স্টক ব্রোকিং এবং সম্পদ ব্যবস্থাপনা শিল্পে পা রাখার জন্য Jio Financial-এর চলমান প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই কোম্পানির সদর দপ্তর হবে মুম্বাইয়ে। 10,000 ইক্যুইটি শেয়ারের সাবস্ক্রাইব করার জন্য 1 লক্ষ টাকা প্রাথমিক বিনিয়োগ করেছে Jio Financial Services। যার প্রতিটি শেয়ারের দাম 10 টাকা।
Jio Financial Services-এর শেয়ার বাজারে একটি তালিকাভুক্ত কোম্পানি। গতকাল অর্থাৎ শুক্রবার এই কোম্পানির শেয়ার দর বেড়েছে 2.40 শতাংশ। বর্তমানে একটি শেয়ারের দাম 327.90 টাকা। গত 6 মাসে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের মুনাফা দিয়েছে 19.67 শতাংশ। একই সময়ে এক বছরে এই মুনাফা প্রায় 32 শতাংশ। বর্তমানে কোম্পানির মার্কেট ক্যাপ 2.08 লক্ষ কোটি টাকা।





