Article By – আস্তিক ঘোষ

সম্প্রতি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) নিয়ে তৈরী হওয়া বিতর্কে যোগ দিয়েছেন। তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বলেন যে ‘আপনি অবশ্যই ChatGPT ব্যবহার করবেন, তবে মনে রাখবেন আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নয় আমাদের নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে এগিয়ে যাব এবং আপনি শুধু নিজের বুদ্ধিমত্তা দিয়েই এগিয়ে যেতে পারবেন।’
তার এই মন্তব্য তখন আসে যখন তিনি গুজরাটের গান্ধীনগরে পণ্ডিত দীনদয়াল এনার্জি ইউনিভার্সিটির (PDEEU) এর অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। ছাত্রদের সঙ্গে কথা বলার সময় মুকেশ আম্বানি বলেন, ‘আমি আমাদের তরুণ ছাত্রদের একটা পরামর্শ দিতে চাই। কৃত্রিম বুদ্ধিমত্তাকে হাতিয়ার হিসেবে ব্যবহারে পারদর্শী হতে হবে। কিন্তু, আপনার বুদ্ধি ব্যবহার করা বন্ধ করবেন না।’
তিনি বলেন ‘এই ইউনিভার্সিটি ত্যাগ করার সাথে সাথেই আপনাকে আরও বড় একটি ‘ইউনিভার্সিটি অফ লাইফ’-এ ভর্তি হতে হবে। যেখানে থাকবে না কোনও ক্যাম্পাস, থাকবে না কোনও শ্রেণিকক্ষ এবং পাঠদানের জন্য কোনও শিক্ষক। আপনি কেবল নিজের শক্তিতেই জীবনে এগিয়ে যেতে পারবেন।’
মুকেশ আম্বানি এমন সময়ে AI নিয়ে কথা বলেছেন যখন চিনের নতুন AI মডেল Deepseek সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। এটি বিশেষ করে এনভিডিয়ার মতো নেতৃস্থানীয় আমেরিকান কোম্পানিগুলির মধ্যে আতঙ্ক তৈরি করেছে। যার কারণে AI-তে আমেরিকার আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে মুকেশ আম্বানি বলেন, ‘পণ্ডিত দীনদয়াল এনার্জি ইউনিভার্সিটির জন্ম প্রধানমন্ত্রীর অসাধারণ দূরদর্শিতার ফল। কুড়ি বছর আগে তিনি আমাকে বলেছিলেন যে তিনি চান গুজরাট জ্বালানি পণ্যে দেশকে নেতৃত্ব দিক। বিশ্বমানের মানবসম্পদ উন্নয়নে গুজরাটেরও অগ্রণী ভূমিকা পালন করা উচিত। এভাবেই প্রতিষ্ঠিত হয় শীর্ষস্থানীয় এই বিশ্ববিদ্যালয়।’




