Article By – আস্তিক ঘোষ

সিনেমার টিকিট ব্যবসা Zomato-এর কাছে বিক্রি করার ঘোষণা করল পেটিএম ব্র্যান্ড পরিচালনাকারী সংস্থা One97 Communications Limited (OCL)। বুধবার এই ঘোষণা করেছে কোম্পানিটি। 2,048 কোটি টাকায় বিক্রি করা হবে এই সিনেমার টিকিট ব্যবসা৷ সিনেমা ছাড়াও, বিনোদন টিকিটের ব্যবসায় খেলাধূলার ইভেন্ট এবং কনসার্টের টিকিটও অন্তর্ভুক্ত থাকে সেখানে। নগদ চুক্তির অনুমোদন দিয়েছে উভয় কোম্পানির পরিচালনা পর্ষদ।
এই চুক্তির অধীনে, OCL-এর বিনোদন টিকিট ব্যবসা তার সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী সংস্থাগুলির কাছে হস্তান্তর করা হবে। এই সংস্থাগুলি হল, Orbgen Technologies Private Limited (OTPL) এবং Westland Entertainment Private Limited (WEPL)৷ এর পরে, এই সাবসিডিয়ারিগুলির 100 শতাংশ শেয়ার জোমাটোর কাছে বিক্রি করা হবে বলে জানা গিয়েছে।
চুক্তিটি সম্পূর্ণ হওয়ার পরে, বিনোদন টিকিট ব্যবসার জন্য ‘ডিস্ট্রিক্ট’ নামে একটি নতুন অ্যাপ পরিচালনা করবে জোমাটো। OCL এক বিবৃতিতে জানিয়েছে, জোমাটোর কাছে এই ব্যবসা বিক্রি হওয়া সত্ত্বেও, পরবর্তী 12 মাসের ট্রানজিশন পিরিয়ডে, এই টিকিটগুলি শুধুমাত্র Paytm অ্যাপেই বুক করা যাবে। জোমাটোর সঙ্গে একটি দৃঢ় চুক্তি করার বিষয়ে তথ্য প্রদান করে OCL জানিয়েছে, এই চুক্তির মূল্য হবে 2,048 কোটি টাকা।
এই চুক্তির অধীনে, 1,264.6 কোটি টাকায় সিনেমার টিকিট ব্যবসার সাথে জড়িত OTPL কে সম্পূর্ণভাবে অধিগ্রহণ করবে জোমাটো। পাশাপাশি ইভেন্ট আয়োজনে নিযুক্ত ওয়েস্টল্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডকে 783.8 কোটি টাকায় কিনে নেবে। ওসিএল জানিয়েছে যে, এই চুক্তিতে বিনোদন টিকিট ব্যবসার আনুমানিক 280 জন নিয়োজিত কর্মীও অন্তর্ভুক্ত থাকবেন। এখনও পর্যন্ত একটি খাদ্য পণ্য সরবরাহ সম্পর্কিত অনলাইন প্ল্যাটফর্ম হিসেবেই সুপরিচিত জোমাটো। এই চুক্তির পর জোমাটোর ব্যবসার পরিধি বাড়বে।





