বর্ষা আসতেই অগ্নিমূল্য সবুজ শাকসবজি। বাড়ছে ছোলার ডাল, জিরে ও হলুদের দামও। এই পরিস্থিতিতে গৃহস্থের রান্নাঘরের বাজেট বাড়ছে পাল্লা দিয়ে। ব্যবসায়ীরা বলছেন, সবজির দাম বাড়লেই ডাল, ছোলার ডাল ও রাজমা প্রভৃতি ডাল জাতীয় খাবারের দাম বাড়ছে। কিন্তু এখন সবচেয়ে সস্তা ছোলার ডালের দামও 120 টাকা প্রতি কেজি হয়েছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, মার্চ এবং এপ্রিল মাসে ছোলা জাতীয় ফসল কাটা হয়। এরপর প্রাথমিকভাবে ছোলা বা ডাল জাতীয় শস্যের দাম কমে গেলেও ধীরে ধীরে তা বাড়তে শুরু করে। আর প্রতি বছর জুলাই ও অগাস্ট মাসে ছোলার দাম বাড়ে। মধ্যপ্রদেশ, হরিয়ানা -সহ অনেক রাজ্যে ছোলা উৎপাদিত হয়। তবে এই মুহূর্তে ছোলার দাম আগুন।
আজকাল অড়হর ডালের দাম প্রতি কেজি প্রায় 200 টাকা। ভালো মানের অড়হর ডাল বিক্রি হচ্ছে প্রতি কেজি 225 টাকায়। তবে এই ডালের দাম বেশ কিছুদিন ধরে একই জায়গায় রয়েছে। কিন্তু ছোলার ডালের দাম বাড়ছে। গত মাস পর্যন্ত প্রতি কেজি 100 টাকায় বিক্রি হয়েছিল ছোলার ডাল। এখন সেই ছোলার ডালের দাম 115 টাকা থেকে বেড়ে 120 টাকা হয়েছে।
এবছর কমে গিয়েছে হলুদের উৎপাদন। সেই কারণে হলুদের দামও বেশি। গত বছর পাইকারি বাজারে হলুদের দাম কেজি প্রতি 80 টাকায় বিক্রি হলেও, বর্তমানে পাইকারি বাজারে এর দাম 170 টাকায় পৌঁছেছে। পাশাপাশি বাড়ছে জিরের দাম। যা প্রতি কেজিতে কুড়ি টাকা বেড়েছে। এখন প্রতি কেজি জিরের দাম 320টাকা। কালো এলাচ ও দারুচিনির দামও বেড়েছে। আগামী দিনে লাল লঙ্কার দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
Article By – আস্তিক ঘোষ






