Article By – আস্তিক ঘোষ

ভারতের জন্য সুখবর দিল সিঙ্গাপুর। আগামী চার বছরে ভারতে বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ করবে ক্যাপিটাল্যান্ড। এশিয়ার বৃহত্তম রিয়েল এস্টেট কোম্পানিগুলির মধ্যে একটি ক্যাপিটাল্যান্ড। সূত্র অনুসারে, এই সংস্থাটি 2028 সালের মধ্যে ভারতে 11.32 বিলিয়ন ডলার (90 হাজার কোটি টাকার বেশি) বিনিয়োগ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গাপুরে যাবেন বুধবার। এমন সময়ে এই বিনিয়োগের ঘোষণা করল সংস্থাটি।
সংস্থাটি জানিয়েছে, নবায়নযোগ্য শক্তি এবং রিয়েল এস্টেট খাতে ভারতে এই বিনিয়োগ করা হবে। গত মাসেই কোম্পানিটি ভারতে ব্যবসায়িক পার্ক স্থাপনের জন্য একটি তহবিল চালু করেছে। এই তহবিলে প্রায় 530 মিলিয়ন ডলার যোগ হবে বলে আশা করা হচ্ছে। এই বিনিয়োগের মাধ্যমে, কোম্পানির বৈশ্বিক লক্ষ্য 2028 সালের মধ্যে 150 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। ক্যাপিটাল্যান্ডের সিইও লি চি কুন বলেছেন, নিজের পোর্টফোলিও প্রসারিত করছে কোম্পানিটি। যেহেতু ভারতে বিনিয়োগের ভালো সুযোগ রয়েছে, তাই কারণে আগামী চার বছরে এখানে বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ করা হবে।
এশিয়ার অন্যতম বড় রিয়েল এস্টেট কোম্পানি ক্যাপিটাল্যান্ড গ্রুপ। এর সদর দপ্তর সিঙ্গাপুরে। এই কোম্পানি রিয়েল এস্টেট সম্পর্কিত প্রকল্পে বিনিয়োগ করে। বিশ্বের 40 টিরও বেশি দেশে 260 টিরও বেশি শহরে বিনিয়োগ করেছে এই কোম্পানি।
দুদিনের সফরে বুধবার সিঙ্গাপুরে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানকার প্রধানমন্ত্রী লরেন্স ওং, প্রেসিডেন্ট থারমান শানমুগারতনাম এবং অন্যান্য বিশিষ্ট নেতাদের সাথে দেখা করবেন নমো। সিঙ্গাপুর ভারতের অন্যতম বৃহত্তম বাণিজ্য অংশীদার, যা দেশের মোট বাণিজ্যের 3.2 শতাংশের জন্য দায়ী। 2024 অর্থবর্ষে সিঙ্গাপুর থেকে আমদানি 21.2 বিলিয়ন ডলারে পৌঁছানোর প্রত্যাশা রয়েছে।




