Article By – সুনন্দা সেন

গতকাল অর্থাৎ ২২ আগস্ট, ২০২৪- এ Zomato ঘোষণা করেছে, Paytm- এর এন্টারটেনমেন্ট টিকিটের ব্যবসা অধিগ্রহণ করার। যা ফুড ডেলিভারি সংস্থার জন্য অবশ্যই একটি বড় সাফল্য হতে চলেছে। সেই নিয়ে আলোচনা শুরু হওয়ার পরেই Zomato আরও একটি বড় ঘোষণা করেছে। কোম্পানি ব্যবসায়িক বিভাগের একটি অংশের বিষয়ে নিজ সীদ্ধান্ত প্রকাশ করেছে। জানা যাচ্ছে ফুড ডেলিভারি পার্টনার Zomato তার ‘জোম্যাটো লেজেন্ডস’ বিভাগটি বন্ধ করতে চলেছে। তার সমস্ত বিষয়টি কোম্পানির CEO দীপিন্দর গোয়েল জানিয়েছেন।
প্রাথমিক ভাবে দেখতে গেলে বাজারে তেমন ইতিবাচক প্রতিক্রিয়া না পাওয়ার কারণে পরিষেবাটি বন্ধ করার সীদ্ধান্ত নিয়েছে Zomato। গোয়েল জানিয়েছেন, ২০২২ সালের আগস্ট মাসে ‘Zomato Legends’ লঞ্চ করা হয়েছিল। তবে আপডেট করার পরেও দুই বছর ধরে পরিষেবাটি বাজারের জন্য উপযুক্ত হয়ে উঠতে পারেনি। ব্যবসায়িক পরিকল্পনা যথেষ্ঠ থাকলেও তেমন সাড়া না পাওয়ায় অবিলম্বে ‘Zomato Legends’ পরিষেবাটি বন্ধ করার সীদ্ধান্ত গ্রহণ হয়েছে। যা আসলে শীর্ষ রেটিংপ্রাপ্ত রেস্তোরার খাদ্যপণ্য অর্ডার করার সুবিধা প্রদান করত।
অবশ্য এই প্রথম নয়, ব্যবসায়িক বিভাগটি লঞ্চ হওয়ার পর থেকেই একাধিক সমস্যার সম্মুখীন হয়। যে কারণে পরিস্থিতির চাপে পড়ে ২০২৩ সালের এপ্রিল মাসে জোম্যাটো লেজেন্ডসের পরিষেবা গোপনে বন্ধ করা হয়েছিল। পরবর্তীতে ২০২৪ সালের জুলাই মাসে পরিষেবাটি পুনরায় চালু হয়।
আর সেই সময় ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম তার প্রতিটি ডেলিভারিকে আরও লাভজনক করে তোলার উদ্দেশ্যে নূন্যতম অর্ডার বাড়িয়ে ৫,০০০ টাকা করার সীদ্ধান্ত নেয়। যার পরেও তেমন ভাবে পরিষেবাটির জন্য গ্রাহকদের থেকে কোনো প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়নি।





