Article By – সুনন্দা সেন

পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন (Ministry of Statistics & Programme Implementation) মন্ত্রণালয় এই মাসের জন্য তার CPI মুদ্রাস্ফীতি ঘোষণা করেছে। প্রকাশিত তথ্য অনুসারে, চলতি বছরের এপ্রিল মাসে ভারতের খুচরা (রিটেইল) মূল্যস্ফীতি জুলাই ২০১৯ এর পর সর্বনিম্ন ছিল। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে ২০২৫ সালের এপ্রিল মাসের সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক বা CPI (Consumer Price Index)-এর উপর ভিত্তি করে বার্ষিক মুদ্রাস্ফীতির হার ২০২৪ সালের এপ্রিল মাসের তুলনায় কমে ৩.১৬% হয়েছে।
এছাড়া ২০২৫ সালের মার্চ মাসের তুলনায়ও ২০২৫ সালের এপ্রিল মাসের প্রধান মুদ্রাস্ফীতি ১৮ বেসিস পয়েন্ট (bps) হ্রাস পেয়েছে। এপ্রিল মাসে খাদ্য মূল্যস্ফীতি এক বছর আগের তুলনায় ১.৭৮% হ্রাস পেয়েছে। গ্রামীণ ও শহুরে অঞ্চলের ক্ষেত্রে মুদ্রাস্ফীতির হার যথাক্রমে ১.৮৫% এবং ১.৬৪% হ্রাস পেয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, “২০২৫ সালের এপ্রিল মাসে প্রধান মুদ্রাস্ফীতি এবং খাদ্য মূল্যস্ফীতির উল্লেখযোগ্য হ্রাস মূলত শাকসবজি, ডাল ও পণ্য, ফলমূল, মাংস ও মাছ, ব্যক্তিগত যত্ন ও প্রভাব (personal care and effects) এবং শস্য ও পণ্যের মূল্যস্ফীতি হ্রাসের জন্য দায়ী।”
গ্রামীণ মুদ্রাস্ফীতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে ২.৯২ শতাংশে, যা মার্চ মাসে ছিল ৩.২৫ শতাংশ। নগর মুদ্রাস্ফীতিও মার্চ মাসে ৩.৪৩ শতাংশ থেকে কমে এপ্রিল মাসে ৩.৩৬ শতাংশে দাঁড়িয়েছে। এপ্রিল মাসে শহরের ক্ষেত্রে গৃহনির্মাণ মূল্যস্ফীতি ছিল ৩%। যেখানে মার্চ মাসে তা রেকর্ড করা হয়েছিল ৩.০৩%-এ। এদিকে আবার চলতি বছরের এপ্রিল মাসে শিক্ষা ক্ষেত্রে মূল্যস্ফীতি ছিল ৪.১৩%, যা মার্চ মাসের ৩.৯৮%- এর তুলনায় বৃদ্ধি পেয়েছে। এপ্রিল মাসে স্বাস্থ্য খাতে মূল্যস্ফীতি ছিল ৪.২৫%, যা মার্চ মাসে ছিল ৪.২৬%। এপ্রিল মাসে পরিবহন ও যোগাযোগ খাতে মূল্যস্ফীতি পৌঁছেছে ৩.৭৩%-এ, যা মার্চ মাসে ছিল ৩.৩৬%। জ্বালানি ও লাইট মূল্যস্ফীতি হয়েছে ২.৯২%, যা মার্চ মাসে ছিল ১.৪২%।




