Article By – সুনন্দা সেন

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে ভারতের ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিতে। বিশেষ করে ইরানকে ঘিরে সংঘাতের কারণে তরল প্রাকৃতিক গ্যাস বা LNG সরবরাহে ব্যাঘাত ঘটেছে। এর ফলেই ভারতের একাদিক ইউরিয়া উৎপাদনকারী সংস্থা তাদের কারখানার উৎপাদন কমাতে বাধ্য হয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে অস্থায়ীভাবে প্ল্যান্ট বন্ধ রাখার সীদ্ধান্তও নেওয়া হয়েছে। এছাড়া LNG সরবরাহ পরিস্থিতি কীভাবে এগোয়, তার উপরই নির্ভর করবে আগামী দিনে দেশের ইউরিয়া উৎপাদন এবং সার বাজারের অবস্থা।
ভারতের ইউরিয়া উৎপাদন মূলত প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল। এই গ্যাসই সার উৎপাদনের প্রধান কাঁচামাল এবং জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে LNG সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। মধ্যপ্রচ্যে চলমান সংঘাতের কারণে গ্যাস সরবরাহ ও পরিবহনে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ভারতের জন্য LNG আমদানিও প্রভাবিত হয়েছে। ফলে দেশীয় সার কারখানাগুলোর কাছে পর্যাপ্ত গ্যাস পৌঁছাচ্ছে না। তাই কিছু কোম্পানি পরিস্থিতির সুযোগ নিয়ে নির্ধারিত রক্ষণাবেক্ষণের কাজ আগেভাগেই শুরু করেছে এবং সেই কারণেই সাময়িকভাবে উৎপাদন বন্ধ রেখেছে।
শিল্প সূত্রে জানা গেছে, অনেক ইউরিয়া প্ল্যান্ট বর্তমানে পূর্ণ ক্ষমতার বদলে কম ক্ষমতায় কাজ করছে। বিশেষজ্ঞদের মতে, যদি এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়, তাহলে ভারতের ইউরিয়া উৎপাদনে বড় প্রভাব পড়তে পারে। এতে দেশে সার সরবরাহে চাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ কৃষিক্ষেত্রে ইউরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সার, যা ধান, গমসহ বিভিন্ন ফসল উৎপাদনে ব্যপকভাবে ব্যবহৃত হয়।




