Article By – সুনন্দা সেন

গত বছরে (২০২৫ সালে) ভারতীয় রিয়েল এস্টেট খাতে বিদেশি বিনিয়োগে স্পষ্ট ভাটা লক্ষ্য করা গেছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে ভারতের রিয়েল এস্টেটে বিদেশি বিনিয়োগ ১৬% কমে দাঁড়িয়েছে ৩.৬৫ বিলিয়ন মার্কিন ডলারে। আগের বছরের তুলনায় এই পতন বিনিয়োগকারীদের সতর্ক মনোভাবেরই প্রতিফলন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া বিশ্লেষকদের মত বলছে, বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা, সুদের হার দীর্ঘ সময় ধরে উচ্চ-স্তরে থাকা এবং ভূ-রাজনৈতিক টানা পোড়েনের প্রভাব সরাসরি পড়ছে রিয়েল এস্টেট বিনিয়োগে।
বিশেষ করে আমেরিকা ও ইউরোপের বাজারে আর্থিক চাপ বাড়ায় উদীয়মান বাজারগুলিতে নতুন করে বিনিয়োগের গতি কিছুটা কমেছে। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, অফিস স্পেস ও বাণিজ্যিক রিয়েল এস্টেটে এখনও বিদেশি আগ্রহ পুরোপুরি কমে যায়নি। তবে আবাসন প্রকল্প এবং কিছু বিকল্প রিয়েল এস্টেট সেগমেন্টে বিনিয়োগের গতি মন্থর হয়েছে। অন্যদিকে ওয়্যারহাউজিং, লজিস্টিক এবং ডেটা সেন্টারের মতো ক্ষেত্রে তুলনামূলকভাবে স্থিতিশীল বিদেশি আগ্রহ বজায় রয়েছে। রিয়েল এস্টেট বাজারের বিশেষজ্ঞদের মতে, এই পতন স্থায়ী নাও হতে পারে। তবে বৈশ্বিক আর্থিক পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী দিনে এই খাতে বিদেশি মূলধনের প্রবাহ আবারও বাড়তে পারে।
ভারতের অভ্যন্তরীণ চাহিদা, নগরায়ণের ধারাবাহিক বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নের কারণে দীর্ঘমেয়াদে এই খাত এখনও বিদেশি বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয়। অনেক আন্তর্জাতিক বিনিয়োগকারী বর্তমানে ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ কৌশল গ্রহণ করেছে। এদিকে, বিদেশি বিনিয়োগ কিছুটা কমলেও সেই ঘাটতি আংশিকভাবে পূরণ করছে দেশীয় মূলধন। বড় কর্পোরেট সংস্থা, দেশীয় ফান্ড এবং উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীরা বিভিন্ন রিয়েল এস্টেট প্রকল্পে সক্রিয়ভাবে বিনিয়োগ করছে। এর ফলে সামগ্রিকভাবে খাতটি বড় ধাক্কা সামলাতে সক্ষম হয়েছে।




